২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রকাশিত প্রথম দফার SCORE জনমত সমীক্ষায় বিজেপি (BJP) এবং সমাজবাদী পার্টির (Samajwadi Party) মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছে। সমীক্ষার আসনভিত্তিক পূর্বাভাসে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ (NDA) এবং অখিলেশ যাদবের (Akhilesh Yadav) নেতৃত্বাধীন বিরোধী জোট—দুই পক্ষেরই সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতার সীমা পেরনোর সম্ভাবনা দেখানো হয়েছে। তবে ৪২টি আসন এখনও অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
৯১,৪২৯ জন ভোটারের মতামতের ভিত্তিতে তৈরি এই সমীক্ষায় বিজেপির একক আসনসংখ্যা ১৭৭ থেকে ২১৫ এবং সমাজবাদী পার্টির আসনসংখ্যা ১৬০ থেকে ২০২ হতে পারে বলে অনুমান করা হয়েছে। অর্থাৎ, উত্তরপ্রদেশের ৪০৩ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ২০২ আসনের কাছাকাছি দুই প্রধান প্রতিদ্বন্দ্বীই।
সমীক্ষায় বলা হয়েছে, বিজেপি ও সমাজবাদী পার্টির আসনসংখ্যার এই হিসাব সরাসরি ভোটের শতাংশ থেকে তৈরি হয়নি। প্রতিটি বিধানসভা কেন্দ্রের পৃথক মূল্যায়নের ভিত্তিতে আসন জয়ের সম্ভাব্য পরিসর নির্ধারণ করেছে SCORE। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের সম্ভাব্য আসন ১৮১ থেকে ২২৬। অন্যদিকে, সমাজবাদী পার্টি ও কংগ্রেস একসঙ্গে লড়লে বিরোধী INDIA জোটের আসন হতে পারে ১৭৪ থেকে ২১৯।
ভোটের শতাংশের হিসাবেও দুই প্রধান দলের ব্যবধান খুব সামান্য। সমীক্ষা অনুযায়ী, বিজেপি এককভাবে পেতে পারে ৩৬.৭ শতাংশ ভোট। সমাজবাদী পার্টির সম্ভাব্য ভোট ৩৭ শতাংশ। অর্থাৎ, ভোটের শতাংশে অখিলেশের দল সামান্য এগিয়ে থাকলেও আসনসংখ্যার পূর্বাভাসে দুই শিবিরের মধ্যে স্পষ্ট ব্যবধান নেই।
২০২২ সালের বিধানসভা নির্বাচনের সঙ্গে তুলনা করলে এই পরিবর্তন আরও স্পষ্ট। সেবার বিজেপি একাই ২৫৫টি আসনে জয় পেয়েছিল। সমাজবাদী পার্টির ঝুলিতে এসেছিল ১১১টি আসন। SCORE-এর বর্তমান সমীক্ষায় বিজেপির সম্ভাব্য আসনসংখ্যা আগের তুলনায় কমার এবং সমাজবাদী পার্টির আসন বাড়ার ইঙ্গিত দেওয়া হয়েছে।
তবে মুখ্যমন্ত্রী হিসেবে জনপ্রিয়তার প্রশ্নে এগিয়ে রয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। সমীক্ষায় ৩৫.৩ শতাংশ উত্তরদাতা তাঁকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছেন। অখিলেশ যাদবকে পছন্দ করেছেন ২৬.৫ শতাংশ। বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতীর (Mayawati) পক্ষে মত দিয়েছেন ৮.৬ শতাংশ। ২২.৭ শতাংশ উত্তরদাতা এখনও সিদ্ধান্ত জানাননি।
আঞ্চলিক সমীকরণেও রয়েছে উল্লেখযোগ্য পার্থক্য। পশ্চিম উত্তরপ্রদেশের ১৩৬টি আসনের মধ্যে এনডিএ ৮৪ থেকে ৯০টি আসন পেতে পারে বলে সমীক্ষার পূর্বাভাস। অন্যদিকে, পূর্বাঞ্চলে সমাজবাদী পার্টির ভোটের হার ৩৮.৬ শতাংশ, বিজেপির ৩১.৬ শতাংশ। অযোধ্যা-লখনউ সংলগ্ন আওধ অঞ্চলে দুই দলের ভোটের ব্যবধান আরও কম—বিজেপি ৪০.৩ শতাংশ এবং সমাজবাদী পার্টি ৩৯.৪ শতাংশ।
মহিলা ও পুরুষ ভোটারদের মতামতেও আলাদা ছবি উঠে এসেছে। সমীক্ষা অনুযায়ী, মহিলা ভোটারদের মধ্যে ৪৬.২ শতাংশ এনডিএ-কে এবং ৩১.৫ শতাংশ সমাজবাদী পার্টিকে সমর্থন করেছেন। পুরুষ ভোটারদের ক্ষেত্রে ছবিটা উল্টো—৪১.৯ শতাংশ সমাজবাদী পার্টি এবং ৩৫.১ শতাংশ এনডিএ-র পক্ষে মত দিয়েছেন।
সমীক্ষাটি ২০২৬ সালের ১৬ সেপ্টেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত উত্তরপ্রদেশের ৪০৩টি বিধানসভা কেন্দ্রের ৯১,৪২৯ জন ভোটারের মধ্যে করা হয়েছে। সমীক্ষা সংস্থা SCORE জানিয়েছে, এই ফলাফল বর্তমান রাজনৈতিক পরিস্থিতির একটি চিত্র, চূড়ান্ত নির্বাচনী ফলের পূর্বাভাস নয়।
ফলে উত্তরপ্রদেশে বিজেপি ও বিরোধী জোটের লড়াই যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে, সেই ইঙ্গিতই মিলছে এই সমীক্ষায়। একই সঙ্গে মুখ্যমন্ত্রী পছন্দের প্রশ্নে যোগী আদিত্যনাথের এগিয়ে থাকা এবং দলীয় ভোটের হিসাবে অখিলেশ যাদবের সামান্য ব্যবধানের ছবি—দুটি আলাদা রাজনৈতিক সমীকরণ সামনে এনেছে।



