এই নিয়ে তৃতীয়বার দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে অরবিন্দ কেজরীওয়ালের অপসারণের আর্জি খারিজ করল দিল্লি হাই কোর্ট। সাম্প্রতিকতম মামলাটি করা হয়েছিল ‘হিন্দু সেনা’ নামে একটি সংগঠনের পক্ষ থেকে। দিল্লি হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মনমোহনের বেঞ্চ সাফ জানিয়ে দিল, কেজরীওয়াল মুখ্যমন্ত্রী থাকবেন কি না, সেটা একান্তই তাঁর বিষয়।
প্রসঙ্গত, গত সোমবার আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরীওয়ালকে গ্রেফতার করে ইডি। এরপরই দিল্লির মুখ্যমন্ত্রীকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় বিশেষ আদালত। সেই থেকে জেলেই রয়েছেন কেজরীওয়াল। আম আদমি পার্টি এবং খোদ কেজরীওয়াল নিজেও জানিয়েছেন, জেল থেকেই সরকার চালাবেন তিনি! এমনকি জেলে বসে এখনও পর্যন্ত দু’টি সরকারি নির্দেশও দিয়েছেন আপ প্রধান।

বৃহস্পতিবার কেজরীকে অপসারণের মামলা খারিজ করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মন্তব্য করেন, ‘‘অরবিন্দ কেজরীওয়াল মুখ্যমন্ত্রী থাকবেন কি না, সেটা তাঁর বিষয়। গণতন্ত্রকে নিজের পথে চলতে দিন।’’ উল্লেখ্য, এই মামলাটি দায়ের করা হয় ‘হিন্দু সেনা’ নামে একটি সংগঠনের সভাপতি বিষ্ণু গুপ্তর তরফে।

কেজরীকে মুখ্যমন্ত্রী পদ থেকে অপসারণের আর্জি! দিল্লি আদালতে খারিজ ‘হিন্দু সেনা’-র আবেদন
গত ২১ মার্চ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের বাসভবনে তল্লাশি চালানোর পর তাঁকে গ্রেফতার করে ইডি। সূত্রের খবর, কেজরীর বাড়ি থেকে ৭০ হাজার টাকা পাওয়া গিয়েছে। সে টাকা যদিও বাজেয়াপ্ত করা হয়নি। তবে, কেজরীওয়ালের ব্যক্তিগত মোবাইল সহ চারটি ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। কেজরীর গ্রেফতারির প্রতিবাদে দিল্লিতে সমাবেশ করেছে ‘ইন্ডিয়া’ জোট। ঐক্যবদ্ধভাবে দিল্লির মুখ্যমন্ত্রীর মুক্তি চেয়েছেন বিজেপি বিরোধী নেতানেত্রীরা।











