নজরবন্দি ব্যুরোঃ চাকরী বিতর্কে নাম জড়িয়েছে মেয়ের। গতকাল সেই মামলা হাইকোর্টে গড়াতেই আজ দুপুরে অনুব্রত কন্যা সুকন্যা সহ ৬ জনকে তলব করেছে আদালত। মেয়ের নিয়োগ নিয়ে একাধিক প্রশ্নের মুখে মুখ খুললেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, আমার মেয়ে সব পাশ করেছে। সার্টিফিকেট আছে।
এদিন নিয়ম মেনে শারীরিক পরীক্ষার জন্য নিজাম প্যালেস থেকে অনুব্রত মণ্ডলকে আলিপুর কম্যান্ড হাসপাতালে নিয়ে আসা হচ্ছিল। সেই সময়েই তিনি বলেন, যা বোঝার আদালত বুঝবে। তলব করেনি মেয়েকে। নথি জমা দিতে বলেছে।

কলকাতা হাইকোর্টের নির্দেশে শিক্ষক নিয়োগ দুর্নীতির বিষয়ে একাধিক মামলার শুনানি চলছে কলকাতা হাই কোর্টে। কলকাতা হাইকোর্টে বুধবার আইনজীবী ফিরদৌস শামিম অতিরিক্ত হলফনামা জমা দিয়ে সুকন্যার চাকরির বিষয়টি আদালতকে জানান। সেটা শুনেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার বেলা ৩টের মধ্যে সুকন্যাকে কলকাতা হাই কোর্টে ডেকে পাঠান।
শুধু সুকন্যাই নন, তিনি যে স্কুলের দিদিমণি সেই বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ উঠেছে। হাই কোর্টে আইনজীবী ফিরদৌস বলেন, ‘‘স্কুলের রেজিস্টার খাতা অনুব্রতের বাড়িতে নিয়ে গিয়ে তাঁর মেয়ের হাজিরা নিয়ে আসতেন এক জন।’’ শুধু সুকন্যাই নন, অনুব্রতের আরও পাঁচ জন ঘনিষ্ঠ এবং আত্মীয় চাকরি পেয়েছেন বলেও অভিযোগ জানান ফিরদৌস। তাই আজ সকালেই বোলপুর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি।
আমার মেয়ে সব পাশ করেছে, বিস্ফোরক অনুব্রত

শোনা যাচ্ছে, আজই অনুব্রতর মেয়েকে নিয়োগ সংক্রান্ত একাধিক বিষয়ে তাঁকে বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হবে। এরই মধ্যে অনুব্রতর মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।









