নজরবন্দি ব্যুরোঃ বাংলায় বড় প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা, জারি হল চরম সতর্কতা। আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তর বঙ্গপসাগরে অতি সক্রিয় হয়েছে নিম্নচাপ। কখনও কখনও গতি কমলেও থামছে না বৃষ্টি। ফলে কম-বেশি সকলেই ঘরবন্দি। জল যন্ত্রণায় জেরবার কলকাতা সহ গোটা বাংলা। জলের তোড়ে বোঝার উপায় নেই কোনটা ডাঙা আর কোনটা রাস্তা। জল ঢুকে গিয়েছে বহু বাড়িতে।
আরও পড়ুনঃ হবু শিক্ষকদের জন্যে সুখবর, অগুনতি অভিযোগের জেরে নয়া সিদ্ধান্ত কমিশনের।


আবহাওয়া দফতর জানিয়েছে আগামিকালও বৃষ্টিতে ভাসবে রাজ্য। বাংলায় বড় প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা, ইতিমধ্যেই ৬ জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম ও পূর্ব বর্ধমান জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদেও ভারী বৃষ্টি হবে। এবং শুক্রবার পশ্চিমের জেলা গুলিতেও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
ইতিমধ্যেই মাইকের মাধ্যমে প্রচার শুরু হয়েছে নানা এলাকায়। সবথেকে প্লাবনের আশঙ্কা রয়েছে নামখানা, ফ্রেজারগঞ্জ কোস্টাল, পাথরপ্রতিমা, সাগর এলাকায়। এই সব এলাকা থেকে মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নামখানায় ২ হাজার মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। জেলা প্রশাসনের তরফে ত্রিপল, শুকনো খাবারও মজুত রাখতে বলা হয়েছে। পাশাপাশি নজর রাখা হচ্ছে বাঁধগুলির ওপরেও।
ভয়াবহ বৃষ্টি আর নিম্নচাপের জেরে জলে ডুবেছে রাস্তাঘাট। গাড়িও ডুবে গিয়েছে রাস্তায়। বিদ্যুৎহীন হয়ে পড়েছে বেশিরভাগ এলাকা। মোবাইল পরিষেবাতেও প্রভাব পড়তে শুরু করেছে। আবহাওয়া দফতর সূত্রে খবর আগামি ২৪ ঘন্টায় বৃষ্টি কমার সম্ভাবনা কম। কালেই দুর্ভোগ যে বাড়তে চলেছে তা বলাই বাহুল্য।


বাংলায় বড় প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা, ৬ জেলায় জারি হল চরম সতর্কতা।








