গত বিধানসভা নির্বাচনের সময় থেকে ভোট একত্র করতে জোট বেঁধেছিল বাম-কংগ্রেস-আইএসএফ। আসন্ন লোকসভা নির্বাচন ঘিরেও পরিকল্পনা একই ছিল কিন্তু ভোটের দিন এগিয়ে আসতেই দেখা গেল বিস্তর ফারাক। আইএসএফ ইতিমধ্যেই সিপিএমের ঘোষণা করা আসনেও প্রার্থী দিয়েছে। এরইমধ্যে শোনা যাচ্ছে, মুর্শিদাবাদ সিপিএমের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করতে পারে কংগ্রেস। তবে বামেরাও থেমে নেই। পাল্টা জবাবে বহরমপুরে প্রার্থী দিতে পারে সিপিএম (CPIM)।



আরও পড়ুন: NRC লাঘু হলে মতুয়া ঠাকুরবাড়ি উড়ে যাবে! শান্তনু পেলেন হুমকি চিঠি, ‘নতুন কৌশল’ বলছে তৃণমূল
বাম শিবিরের অন্যতম প্রধান মুখ মহম্মদ সেলিম। আসন্ন লোকসভা নির্বাচনে (Loksabha Election) মুর্শিদাবাদ কেন্দ্র থেকে প্রার্থী ঘোষণা করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এই কেন্দ্রে হাবিব শেখকে প্রার্থী করেছে নওশাদদের দল। এখন প্রশ্ন উঠছে, মুর্শিদাবাদে কংগ্রেসও যদি প্রার্থী দেয় তাহলে আখেড়ে লাভ হচ্ছে কার? কি হল এত ভাবনাচিন্তা করে? আসন সমঝোতা নিয়ে তাহলে কোনও দৃঢ় সিদ্ধান্তই নিতে পারল না শতাব্দী প্রাচীন দুই দল, এ যেন আবারও হয়ে গেল একটা ছেলেমানুষী!

মুর্শিদাবাদে কংগ্রেসের (Congress) তরফে কাকে প্রার্থী করা হবে তা এখনও জানা না গেলেও হাত শিবির যে লড়বে তা কার্যত চূড়ান্ত। আলোচনাও জারি রয়েছে। রবিবার বাংলার আরও ৩ আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস। তবে সেখানে বহরমপুর বা মুর্শিদাবাদের নাম ছিল না। জানা যাচ্ছে, কংগ্রেস যদি মুর্শিদাবাদে প্রার্থী দেয় তাহলে শান্ত থাকবে না বামেরাও। বাংলায় হাত শিবিরের প্রধান মুখ অধীর রঞ্জন চৌধুরী (Adhir Chowdhury)। তিনি বহরমপুরের দীর্ঘদিনের সাংসদ। এবারেও ওই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন তিনি। মুর্শিদাবাদের পাল্টা জবাব দিতে বহরমপুরে প্রার্থী দিতে পারে বাম নেতৃত্ব।


সেলিমের বিরুদ্ধে নামছে কংগ্রেস, পাল্টা প্রস্তুত সিপিএম, অধীরের বিরুদ্ধে প্রার্থী দেবে বামেরা!

সব ঠিক থাকলে আগামী কয়কেদিনের মধ্যেই পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা করবে কংগ্রেস। ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে সাত দফায় লোকসভা নির্বাচন। আগামী ৭ মে তৃতীয় দফায় ভোট হবে মুর্শিদাবাদে। অন্যদিকে বহরমপুরে নির্বাচন অনুষ্ঠিত হবে চতুর্থ দফায় আগামী ১৩ মে।








