নজরবন্দি ব্যুরোঃ কংগ্রেস বিরোধী ছিল, কিন্তু তৃণমূল আমাদের শত্রু! রাজ্য-রাজনীতি নিয়ে মুখ খুললেন সিপিআইএম নেতা মহম্মদ সেলিম। সাফ জানিয়ে দিলেন, “বিজেপি যেমন শত্রু তৃণমূলও তেমন শত্রু। কংগ্রেস তাদের বিরোধী ছিল ঠিকই কিন্তু শত্রু ছিল না। কিন্তু তৃণমূল তাদের শত্রু কারণ ওই দলের জন্মই হয়েছে সিপিআইএম-এর বিনাশ করবে এই উদ্দেশ্যে।” এদিন কৃষকদের আন্দোলন নিয়েও কেন্দ্রকে তোপ দাগলেন সিপিআইএম নেতা।
আরও পড়ুনঃ কৃষক বিদ্রোহ সামলাতে আসরে মোদি। শিখদের উস্কানি দিচ্ছে খলিস্তানিরা, জানাল NIA!


কেন্দ্রকে কটাক্ষ করে তিনি বলেন, ‘কৃষি সংস্কারের নাম দিয়ে কেন্দ্র কর্পোরেটদের হাতে কৃষকদের জমি ও ফসল তুলে দিচ্ছে। কৃষি এবং শিল্পের মধ্যে ঠিকমতো ভারসাম্য থাকছে না। কৃষকদের ভূমিকা কমেছে । উল্টে কর্পোরেট প্রভাব বাড়ছে। ফলে দেশের নীতি প্রণয়নে কৃষকদের তুলনায় লবি জোরদার হওয়া তাঁদের স্বার্থে নীতি প্রণয়ন হচ্ছে।’
পাশাপাশি সেলিম বলেন ‘তুলা চাষির বদলে টেক্সটাইল লবি অনেক সক্রিয়। বাংলার কৃষকরা ভালো নেই। করোনা আবহে দিল্লি যাওয়ায় অসুবিধা হচ্ছে। তাই জেলায় জেলায় কৃষক কর্মসূচি হচ্ছে।’ দেশজুড়ে কৃষকদের আন্দোলনে পাঞ্জাবের মানুষের মুখ দেখা গেলেও বাংলার কৃষকরা এই আন্দোলনে আছেন বলে দাবি করেন প্রাক্তন সিপিআইএম সাংসদ সেলিম।
এ রাজ্যে পাট চাষিদের অবস্থা খারাপ কিন্তু জুটমিল গুলির মালিকদের অবস্থা ভালোই। তারা অন্য জায়গায় টাকা খাটাচ্ছে অথচ মিলের আধুনিকরণ করছে না। যদিও জুট মিলের উৎপাদিত পণ্যের ভালোমতো চাহিদা রয়েছে। তাছাড়া শিল্পজাত পণ্যের দাম ঠিক করে দেওয়া হচ্ছে অথচ কৃষিজাত পণ্যের দাম বাজার ঠিক করবে বলা হচ্ছে। এভাবে এগোলে ভবিষ্যতে সাধারণ মানুষ চাল-ডাল কিভাবে পাবে তানিয়ে প্রশ্ন উঠেছে।










