ভোটবাক্সে ধারাবাহিক ব্যর্থতার পর এবার সোশাল মিডিয়াকেই শক্তি হিসেবে তুলে ধরতে চাইছে বাম শিবির। সেই লক্ষ্যেই দমদম উত্তরের সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর সরাসরি আহ্বান জানালেন কন্টেন্ট ক্রিয়েটরদের— এলাকার জ্বলন্ত ইস্যু নিয়ে ভিডিও, রিল ও পোস্ট বানিয়ে ডিজিটাল প্রচারে শামিল হতে।
বিগত কয়েক বছরে বিরোধীদের অন্যতম কটাক্ষ— “বামেরা শুধু সোশাল মিডিয়াতেই”— এবার সেই কথাকেই অস্ত্র বানাতে চাইছে সিপিএম। বিধানসভা নির্বাচনের আগে প্রচারে কোনও খামতি রাখতে নারাজ তারা। প্রার্থীরা যেমন সরাসরি মানুষের কাছে পৌঁছচ্ছেন, তেমনই ডিজিটাল প্ল্যাটফর্মকেও ব্যবহার করা হচ্ছে সমান্তরাল প্রচারের ময়দান হিসেবে।
সম্প্রতি দীপ্সিতা ধরের সোশাল মিডিয়া পেজ থেকে একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে আলোচনা। সেখানে স্পষ্ট বার্তা— “দীপ্সিতা ধরকে জেতাতে চান? সোশাল মিডিয়ায় আমাদের লড়াইয়ে শামিল হোন।”
পোস্টে জানানো হয়েছে, দমদম উত্তর এলাকার বিভিন্ন সমস্যাকে তুলে ধরে রিল, ভিডিও বা পোস্টার তৈরি করতে হবে। তারপর তা নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করে প্রার্থীর সঙ্গে কোলাবোরেশনের অনুরোধ পাঠাতে হবে। অর্থাৎ, সাধারণ মানুষের তৈরি কনটেন্টই হয়ে উঠবে নির্বাচনী প্রচারের হাতিয়ার।
এই উদ্যোগকে অনেকেই নতুন ধরনের রাজনৈতিক প্রচার হিসেবে দেখছেন। কমেন্ট বক্সে বহু সমর্থক এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, এতে সাধারণ মানুষের কণ্ঠস্বর আরও সরাসরি পৌঁছবে বৃহত্তর দর্শকের কাছে।
তবে প্রশ্ন থেকেই যাচ্ছে— সোশাল মিডিয়ার এই সক্রিয়তা কি ভোটবাক্সে প্রতিফলিত হবে? দীর্ঘদিনের ‘শূন্য’-এর গেরো কি কাটাতে পারবে বামেরা? তার উত্তর মিলবে ফলাফল প্রকাশের দিন, ৪ মে।



