নজরবন্দি ব্যুরোঃ দুর্নীতির দায়ে বরখাস্ত প্রধান শিক্ষক। তাঁর বিরুদ্ধে অভিযোগের বহর দেখে চোখ কপালে উঠেছে কলকাতা হাইকোর্টের। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের শিবনগর হাইস্কুলে। এই হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে রয়েছে হাজারো অভিযোগ। যার মধ্যে নবতম সংযোজন হল টানা ৫৪৩ দিন ছুটি কাটানো। অবাক হচ্ছেন? কার্যত ৫৪৩ দিনের জন্যে নিজের ছুটি নিজেই বরাদ্দ করেছিলেন প্রধান শিক্ষক।
আর পড়ুনঃ ষষ্ঠ পে কমিশনের সুপারিশ, সরকারি কর্মীদের একাধিক সুখবর দিল নবান্ন।
পিছিয়ে যেতে হবে বছর দেড়েক আগে। মুর্শিদাবাদের শিবনগর হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে তখন। অভিযোগ গুলির মধ্যে অন্যতম হল, কন্যাশ্রীর টাকা তুলে নেওয়া। মিড ডে মিল থেকে চুরি। শুধু তাই নয় পড়ুয়াদের জন্যে বরাদ্দ একাধিক প্রকল্পের টাকা বহাল তবিয়তে নিজের পকেটে ঢুকিয়েছেন এই প্রধান শিক্ষক।
ঘটনার জেরে শো-কজ করা হয় অভিযুক্ত প্রধান শিক্ষককে। কিন্তু তিনি শো-কজের জবাব দেওয়া তো দূরের কথা, টানা ৫৪৩ দিনের ‘ছুটি’ কাটিয়ে জেলার স্কুল ইন্সপেক্টরের নির্দেশে পুনর্বহাল হয়ে যান প্রধান শিক্ষক পদে! এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, “এমন অভিযোগ পরেও জেলা স্কুল পরিদর্শক (মাধ্যমিক) চোখ বন্ধ করে কীভাবে!”
দুর্নীতির দায়ে বরখাস্ত প্রধান শিক্ষক
এই মুহুর্তে বিচারপতির নির্দেশে দুর্নীতির দায়ে বরখাস্ত প্রধান শিক্ষক। পাশাপাশি তাঁর বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। সাথেই স্কুল শিক্ষা দফতরের নির্দেশককে বিচারপতি নির্দেশ দিয়েছেন মার্চ ২০১৭ থেকে ডিসেম্বর ২০২০ পর্যন্ত মুর্শিদাবাদের স্কুল ইন্সপেক্টদের বিরুদ্ধে তদন্ত করতে। আগামী ৫ অক্টোবরের মধ্যে এই তদন্তের রিপোর্ট আদালতে জমা দিতে হবে।



