মর্গে যায়গা নেই, হাসপাতালে বেড নেই, বন্ধ স্কুল – বাতিল যাবতীয় পরীক্ষা! করোনায় হাহাকার দেশজুড়ে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টানা ১৫ দিনের বেশি সময় ধরে দৈনিক সংক্রমনে বিশ্বের ১ নম্বর স্থানে রয়েছে ভারত। আর এবার ব্রাজিলকে টপকে মোট আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থানে উঠে এল দেশ। দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রামিত হয়েছেন ১ লক্ষ ৬১ হাজার ৭৩৬ জন। সংক্রমণের পাশাপাশি চোখ রাঙাচ্ছে মৃত্যু সংখ্যাও। দেশে মোট ১ লক্ষ ৭১ হাজার ৫৮ জনের প্রাণ কেড়েছে করোনাভাইরাস। যার মধ্যে গত ২৪ ঘন্টাতেই মারা গিয়েছেন ৮৭৯ জন। মর্গে যায়গা নেই, হাসপাতালে বেড নেই তাই দেশের করোনা সংক্রমণের এই গতি বৃদ্ধিতে উৎকণ্ঠিত চিকিৎসক মহল।

আরও পড়ুনঃ মমতার পরে এবার রাহুল সিনহা! ৪৮ ঘন্টা প্রচারে নিষেধাজ্ঞা জারি করল কমিশন

এই মুহূর্তে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যার ভিত্তিতে সারা বিশ্বে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। এমনকি সার্বিক আক্রান্তের সংখ্যার ভিত্তিতেও ব্রাজিলকে(Brazil) ছাপিয়ে গিয়েছে দেশ। এই মুহূর্তে ভারতে করোনা আক্রান্তের সার্বিক সংখ্যা ১ কোটি ৩৫ লক্ষ ২৫ হাজার ১৫৩ জন। অন্যদিকে ব্রাজিলের করোনা রোগীর সংখ্যা এই মুহূর্তে ১ কোটি ৩৪ লক্ষ ৮২ হাজার ৫৪৩। এর আগে ২০২০-র ৬ সেপ্টেম্বরে করোনা আক্রান্তদের নিরিখে ব্রাজিলকে ছাপিয়ে গিয়েছিল ভারত।

এত সংখ্যক সক্রিয় রোগী করোনার প্রথম দফাতেও ছিল না দেশে। তাই হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে কার্যত ত্রাহি ত্রাহি অবস্থা তৈরি হচ্ছে। মর্মান্তিক অবস্থা ছত্তীসগঢ়ের রায়পুরে। মর্গে যায়গা নেই কোভিড মৃতদের রাখার জন্যে। অন্যদিকে, মহারাষ্ট্রের ওসমানাবাদ জেলায় হাসপাতালগুলিতে কোন বেড খালি নেই কোভিড রোগীর জন্যে। চেয়ারে বসিয়েই অক্সিজেন, স্যালাইন দিতে হচ্ছে রোগীদের।

দেশের বিভিন্ন যায়গায় ইতিমধ্যেই রাত্রিকালীন লকডাউন জারি হয়েছে। বেশ কয়েকটি রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান ফের বন্ধ করে দেওয়া হয়েছে। বোর্ডের পরীক্ষা বাতিল হয়েছে মহারাষ্ট্রে। রাজ্যেও আসন্ন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সূত্রের খবর যেহারে করোনা বাড়ছে তাতে স্কুল খোলার সম্ভাবনা তো থাকছেই না উলটে বাতিল করা হতে পারে যাবতীয় পরীক্ষা। পর্ষদ সূত্রে দাবি, নির্বাচন পরবর্তী সময়ে করোনা পরিস্থিতি দেখে স্কুল খোলা বা পরীক্ষা নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

অন্যদিকে দেশ পাখির চোখ করছে টিকাকরন কে। ৪৫ বছরের ঊর্ধ্বে সকলে টিকা নিতে পারছেন। গত ২৪ ঘণ্টায় দেশে টিকা দেওয়া হয়েছে ৪০ লক্ষ ৪ হাজার ৫২০ জনকে। ১৪০ কোতির দেশে এ নিয়ে মোট ১০ কোটি ৮৫ লক্ষ ৩৩ হাজার ৮৫ জনকে টিকা দেওয়া হয়েছে। আপদকালীন ভিত্তিতে স্পুটনিক ভি কে ছাড়পত্র দিয়েছে দেশ। এই টিকাও দু’টি ডোজের। ডক্টর রেড্ডি’জ ল্যাব জানিয়েছে, মডার্না ও ফাইজারের পরে স্পুটনিক ভি টিকার কার্যকারিতা সবচেয়ে বেশি, ৯১.৬ শতাংশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত