নজরবন্দি ব্যুরোঃ মৃত্যু মিছিলের মাঝে শান্তির আবহ! করোনায় স্বস্তির আপডেট দিল রাজ্য! ভয়ানক করোনা সংক্রমণ কে টেক্কা দিচ্ছে স্বস্তিজনক সুস্থতার হার। অব্যাহত করোনার দুর্বার গতি, যদিও ভাল খবর হল আজ ফের বেড়েছে সুস্থতার হার। রাজ্যের হাতে গোনা ২ – ৩ টি জেলা বাদ দিয়ে সব জেলাতেই কার্যত বায়ুবেগে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। প্রায় প্রতিদিনই তৈরী হচ্ছে নতুন নতুন রেকর্ড। কলকাতা, উত্তর ২৪ পরগণা, হাওড়া বা দক্ষিন ২৪ পরগণার সাথে সম্প্রতি পাল্লা দিতে শুরু করেছে দার্জিলিং দক্ষিন দিনাজপুর বা মালদার মত উত্তরের জেলাগুলি।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর ঘোষণার ১ ঘন্টার মধ্যেই বাতিল! লকডাউনের দিন বদল রাজ্যে!


মৃত্যু মিছিলের মাঝে শান্তির আবহ! আজ রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর জানিয়েছে রাজ্যে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৩৪ জন! অর্থাৎ এদিন গতকালের থেকে আক্রান্তের সংখ্যা বেড়েছে। নতুন ২ হাজার ১৩৪ জন আক্রান্ত কে নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ হাজার ৯৬৪ জন।পাশাপাশি মৃত্যুমিছিলও অব্যাহত রয়েছে রাজ্যে। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে সার্বিক ভাবে গত ২৪ ঘন্টায় মৃত্যু বেড়েছে আরও ৩৮ টি। ৩৮ জন কে নিয়ে রাজ্যে করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৪৯ ।পাশাপাশি গত ২৪ ঘন্টায় রাজ্য জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ১০৫ জন। এদিনের ২ হাজার ১০৫ জন কে নিয়ে রাজ্যে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৪২ হাজার ২২ জন।
এদিন ২ হাজার ১০৫ জন সুস্থ হয়ে রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬৬.৭৪ শতাংশ করোনা আক্রান্ত। যা গতকালের থেকে ১.৪ শতাংশ বেশি। অন্যদিকে এই মুহুর্তে রাজ্যে চিকিৎসাধীন রয়েছেন ১৯ হাজার ৪৯৩ জন। অর্থাৎ গতকালের থেকে চিকিৎসাধীন আক্রান্ত কমেছে ৯ জন। অন্যদিকে রাজ্য সরকারের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে ১৭ হাজার ২১ টি। যা নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সর্বমোট টেস্টের সংখ্যা ৮ লক্ষ ৩৯ হাজার ২১১। প্রতি ১০ লক্ষ মানুষ পিছু রাজ্যে পরীক্ষা হয়েছে ৯ হাজার ৩২৫ জনের।
আরও পড়ুনঃ চরম সংকটে রাজ্যের আইসিটি কম্পিউটার শিক্ষক-শিক্ষিকারা!


অন্যদিকে আজ নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সপ্তাহে দু’দিন করে লকডাউন চলবে আগামী ৩১ অগস্ট পর্যন্ত। তিনি তারিখ ঘোষণা করে দেন কবে কবে রাজ্যে লকডাউন পালন করা হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ২ – ৫ – ৮ – ৯ – ১৬ – ১৭ – ২৩ – ২৪ ও ৩১ আগস্ট রাজ্য সম্পূর্ণ লকডাউন থাকবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যে শনি ও রবিবার পূর্ণ লকডাউন পালন করা হবে। সেই মতই দিন ক্ষন স্থির করা হয়েছে। তবে দুটি শনিবার এই নিয়ম কার্যকর করা হচ্ছে না বলেও জানান তিনি। ১ লা আগস্ট ইদের জন্য এবং ১৫ই আগস্ট শনিবার স্বাধীনতা দিবস এর কারনে।







