নজরবন্দি ব্যুরোঃ দেশের সার্বিক করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এখনই স্বস্তির নিশ্বাস ফেলার জো নেই। কারণ মাথাচাড়া দিয়েছে নয়া আতঙ্ক ওমিক্রন। বিশ্বের বিভিন্ন প্রান্তে করোনার নয়া প্রজাতি ছড়িয়ে পড়তেই সতর্ক হয়েছে ভারতও। টেস্টিং থেকে কনট্যাক্ট ট্রেসিং- সব ক্ষেত্রেই সমস্ত রাজ্যকে কড়াকড়ির নির্দেশ দিয়েছে কেন্দ্র।
আরও পড়ুনঃ ‘কেন্দ্রিয় বাহিনীর প্রয়োজন নেই, পুলিশ সামলে নেবে পুরভোট’! বৈঠক সোমবার


আর এর মধ্যেই কর্ণাটকে ওমিক্রন (Omicron) আক্রান্ত দু’জনের হদিশ মিলল। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, যে দু’জনের শরীরে করোনা ভাইরাসের নয়া প্রজাতির হদিশ মিলেছে তাঁরা আফ্রিকার নাগরিক। ব্যবসার কাজে তাঁরা ভারতে এসেছিলেন। এদের একজনের বয়স ৬৬, অন্যজনের বয়স ৪৬। যাঁরা আক্রান্ত দু’জনের সংস্পর্শে এসেছেন ইতিমধ্যে তাঁদের চিহ্নিত করা হয়েছে।
তাঁদের আইসোলেট করা হয়েছে।কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই বলেন, “ওমিক্রনের সঙ্গে লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত। সরকার বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে কাজ করবে। সংকট কেটে যাবে।” আতঙ্ক না করার বার্তা দিয়েছেন তিনিও। শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৮ হাজার ৬০৩ জন করোনা আক্রান্ত হয়েছেন।

যা গতকালের তুলনায় বেশ খানিকটা কম। এদিকে মারণ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ৪১৫ জন।বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ৯৯ হাজার ৯৭৪ জন।পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৪০ লক্ষ ৫৩ হাজার ৮৫৬ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৮ হাজার ১৯০ জন।


দেশে ওমিক্রন আক্রান্ত দু’জনের হদিশ! এক নজরে দেখে নিন দেশের করোনা পরিস্থিতি
এখনও পর্যন্ত দেশে প্রায় ১২৬ কোটি ৫৩ লক্ষেরও বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকালই ভ্যাকসিন পেয়েছেন ৭৩ লক্ষের বেশি। টিকাকরণের পাশাপাশি আগের মতোই চলছে টেস্টিংও। গতকাল যেমন ১২ লক্ষের ৫২ হাজার ৫৯৬ জনের নমুনা পরীক্ষা হয়েছে।







