নজরবন্দি ব্যুরোঃ পুজোর পর থেকে ধাপে ধাপে বাড়তে বাড়তে হাজারের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। যা কার্যত স্থিতিশীল পর্যায়ে রয়েছে। রাজ্যে আজ আক্রান্ত ৮৫৪, তবে বঙ্গে তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা এখনই তৈরি হয়নি বলে মত বিশেষজ্ঞদের। পরিস্থিতি নিয়ন্ত্রনে বিভিন্ন জেলায় কনটেনমেন্ট জোন ফেরানো ও রাত্রিকালীন বিধিনিষেধ পালনে জোর দেওয়ার কথা বলা হয়েছে রাজ্য প্রশাসনের শীর্ষ স্তর থেকে। বলবৎ রয়েছে কঠোর কোভিড বিধি।
আরও পড়ুনঃ দ্রুত হোক শিক্ষক নিয়োগ, এবার মুখ্যমন্ত্রীর দুয়ারে অভিভাবকরা


কিছুক্ষন আগে করোনার বুলেটিন প্রকাশ করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্য জুড়ে করোনা আক্রান্ত হয়েছেন ৮৫৪ জন। মৃত্যু হয়েছে ১৩ জনের। আজ কলকাতায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৩৬ জন, মৃত্যু হয়েছে ২ জনের। সার্বিক ভাবে কোলকাতার চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা এখন ২ হাজার ১৪৩। কলকাতায় এখন পর্যন্ত করোনার কবলে প্রাণ হারিয়েছেন ৫ হাজার ১৮৬ জন।
এদিকে সংক্রমণ অব্যাহত রয়েছে উত্তর ২৪ পরগণা জেলাতেও। এদিন এই জেলায় আক্রান্ত হয়েছেন ১৫৯ জন, মৃত্যু হয়েছে ৩ জনের। তারপরেই রয়েছে হুগলী জেলা। হুগলী জেলাতে এদিন ৮৬ জন আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। মৃত্যু হয়েছে ১ জনের। এর পরেই স্থান হাওড়ার। ২৪ ঘন্টায় এই জেলাতে আক্রান্ত হয়েছেন ৬১ জন। তবে মৃত্যু হয়নি কারও।
দক্ষিণ বঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও থাবা বসিয়েছে করোনা ভাইরাস। এদিন দার্জিলিং জেলাতে আক্রান্ত হয়েছেন ৪২ জন। যা নিয়ে আজ ১৬ জন সক্রিয় আক্রান্ত বেড়েছে এই জেলায়। দার্জিলিং জেলায় এখন পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়ে ৫৪৪ জন মারা গিয়েছেন। পাহাড়ে এই মুহুর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২৭৪ জন। আজ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন।


এদিকে রাজ্য জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৮১৩ জন, যা নিয়ে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৭৪ হাজার ৩৩৩। এদিন করোনা ভাইরাসের টেস্ট হয়েছে ৪০ হাজার ৩৩০। এখন পর্যন্ত মোট করোনা টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৯৬ লক্ষ ১৩ হাজার ২০৯ টি। এখন রাজ্যে করোনা সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ। দেখুন সম্পুর্ণ বুলেটিন।
রাজ্যে আজ আক্রান্ত ৮৫৪, যেন স্থিতিশীল পর্যায়ে রয়েছে করোনা ভাইরাস!









