নজরবন্দি ব্যুরোঃ আগামী ১৫ ই মার্চ থেকে শুরু হবে সিপিআইএমের রাজ্য সম্মেলন শেষ হবে ১৭ ই মার্চ। সেই উপলক্ষে শুক্রবার সাংবাদিক বৈঠক করে সম্মেলনের লোগো উন্মোচন করল সিপিআইএম। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সূর্যকান্ত মিশ্র, বিমান বসু, সুজন চক্রবর্তী ও প্রদীপ ভট্টাচার্য ছাড়াও অন্যান্যরা। আর এই উপলক্ষে করা সাংবাদিক সম্মেলনে ফের একবার রাজ্যের পরিস্থিতিতে মমতাকে কটাক্ষ করলেন বাম নেতা সূর্যকান্ত।
আরও পড়ুনঃ নির্বিঘ্নে হয়েছে গঙ্গাসাগর মেলা, ধন্যবাদের চিঠি পাঠালেন মমতা


এবং মহাজোটের ক্ষেত্রে তারা যে মমতাকে বিশ্বাস করেন না সেকথাও ফের একবার জানিয়ে দিলেন এই বামনেতা। আলিমুদ্দিন থেকে সাংবাদিক বৈঠকে সূর্যকান্ত মিশ্র ফের একবার জোট প্রসঙ্গ নিয়ে সরব হন। কিন্তু সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী ‘মহাজোট’-এর বিষয়টি কি হবে? এই প্রশ্নের উত্তর অবশ্য সযত্নে পাশ কাটিয়ে যান তিনি।
বলেন, সর্বভারতীয় স্তরের জন্য বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্ব বলবে। তবে রাজ্যের পরিস্থিতি নিয়ে তাঁর সাফ কথা, মমতার বার্তাকে বিশ্বাস করা যায় না। বর্ষীয়ান বাম নেতার কথায়, “একটি হচ্ছে সর্বভারতীয় স্তরে। সেটি আমার এক্তিয়ারে নয়। সেই বিষয়টি কেন্দ্রীয় কমিটি বলবে। রাজ্যের প্রেক্ষিতে আপনারা জানেন, বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে আমাদের যা আলোচনা হয়েছে – রাজ্য স্তরের আলোচনা এবং কেন্দ্রীয় কমিটি আলোচনার পরে ঠিক হয়েছে – বিধানসভা নির্বাচনে আমরা যেটা করেছিলাম, নির্বাচনী রণকৌশল, প্রার্থী বাছাই করার বিষয়ে পশ্চিমবঙ্গের বিজেপি ও তৃণমূল বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে।

বাম গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ শক্তিগুলিকে ঐক্যবদ্ধ করে আমাদের লড়াই করতে হবে। রাজ্য স্তরে আমাদের কৌশল একই আছে, একইরকম থাকবে।” অপর দিকে কংগ্রেসের সঙ্গে জোট প্রসঙ্গে তিনি জানান, কংগ্রেস বলে আলাদা কোনও ব্যাপার নয়। পশ্চিমবঙ্গে তৃণমূল ও বিজেপি উভয়ের বিরুদ্ধে লড়াইয়ে সমস্ত শক্তিকে একসঙ্গে করতে হবে।


প্রসঙ্গ বিরোধী মহাজোট, মমতার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন সূর্যকান্ত
নির্বাচনে একটা বোঝাপড়া হয়, তবে সেটাই যথেষ্ট নয়। এর পরেই কিছুটা সাবধানী সূর্যকান্ত বলেন, “আমাদের যে দাবি দাওয়া আছে, তার সঙ্গে লড়াইয়ে ময়দানে কারা আছে, সেই সব দেখেই স্থির হয় রণকৌশল।”







