নজরবন্দি ব্যুরো: পাহাড়ের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একের পর এক মৃতদেহ উদ্ধার হচ্ছে। সিকিম ও কালিম্পঙের বিস্তীর্ণ এলাকায় পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়েছে। আর এবার পরিস্থিতি খতিয়ে দেখতে এবার মন্ত্রী অরূপ বিশ্বাসকে পাহাড়ে পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, উত্তরের বাসিন্দাদের পাশে থাকার জন্য অরূপ বিশ্বাসকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৭ অক্টোবর, আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা কী কী?


জানা গিয়েছে, আজ দুপুরে বাগডোগরা বিমানবন্দর হয়ে কালিম্পঙের উদ্দেশে রওনা দেবেন মন্ত্রী অরূপ। অন্যদিকে, পাহাড়ের দুর্যোগের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে এর আগে শুক্রবার নবান্নে এসেছিলেন জিটিএ প্রধান অনিত থাপা। সেদিন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন। শুক্রবার জিটিএ প্রধান অনিত থাপার সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীও।

উল্লেখ্য, ইতিমধ্যেই পাহাড়ের দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শন করেছেন এরাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। দিল্লি থেকে বাগডোগরা হয়ে তিনি পৌঁছে গিয়েছিলেন কালিম্পঙে। পাহাড়ে পৌঁছে গিয়ে তিস্তায় বন্যা কবলিত বিপর্যস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেন রাজ্যপাল। পাশাপাশি পাহাড়ের বাসিন্দাদের আশ্বস্ত করেন তিনি। এরপরেই সেখান থেকে দিল্লিতে ফিরে যান রাজ্যপাল।



এরপরেই আজ অর্থাৎ শনিবার রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসও যাচ্ছেন উত্তরবঙ্গে। সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখবেন। পাশাপাশি রাজ্যের মন্ত্রীকে কালিম্পঙে হড়পা বানে বিধ্বস্ত পরিবারগুলির কঠিন সময়ে পাশে থাকার নির্দেশ দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পাহাড়ের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মমতা, আজই কালিম্পঙে যাচ্ছেন অরূপ








