রবিবার গভীর রাতে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়। খাস কলকাতার বুকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নির্মীয়মাণ বহুতল। দুর্ঘটনাটি ঘটেছে কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের গার্ডেনরিচ এলাকায়। এখনও পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহতের সংখ্যা বহু। সোমবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দুর্ঘটনাস্থলে যান। তাঁর মাথায় দেখা যায় সাদা ব্যান্ডেজ এবং কালো কাপড় দিয়ে ঢাকা। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: আকাশের মুখভার, জারি কমলা সতর্কতা, কয়েকঘণ্টার মধ্যেই শুরু বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টি
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, দমকলমন্ত্রী সুজিত বসু, সাংসদ মালা রায় সহ প্রমুখ। দুর্ঘটনাস্থলে গিয়ে সমবেদনা জ্ঞাপন করেন। দোষীদের বিরুদ্ধে কড়া শাস্তির ব্যবস্থা করার নির্দেশ দেন। এরপর সেখান থেকে হাসপাতালে যান, দেখা করেন আহতদের সঙ্গে। গার্ডেনরিচ বহুতল ভাঙার দুর্ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ঘটনার পর কলকাতা পুলিশ কমিশনার স্পটে এসেছেন। মেয়র ছিলেন স্পটে। তিনি আমাকে মেসেজ করেছিলেন। দমকলমন্ত্রী ছিলেন। এটা খুব ঘিঞ্জি এলাকা। দীর্ঘদিন ধরেই এলাকা এরকম।’ পাশাপাশি বহুতল নির্মাণ নিয়ে প্রোমোটারদের বার্তা দেন তিনি। বলেন, ‘বাড়ি তৈরি করার আগে আশেপাশের গরীব মানুষের কথা ভাববেন।’
মাথায় চোট নিয়েই গার্ডেনরিচে মমতা, ক্ষতিপূরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর

গার্ডেনরিচ দুর্ঘটনায় মৃতদের পরিবার ও আহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আহতদের ১ লক্ষ টাকা ও মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ বাবদ দেওয়া হবে বলে জানান।



