প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সভাকে ঘিরে শনিবার উত্তর কলকাতায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ব্রিগেডমুখী বিজেপি মিছিলের সময় রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেত্রী শশী পাঁজার উত্তর কলকাতার বাসভবনে হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনার সময় বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় একদল উত্তেজিত জনতা মন্ত্রীর বাড়ির সদর দরজা ভাঙচুরের চেষ্টা করে এবং এলোপাথাড়ি ইট ছুড়তে শুরু করে বলে অভিযোগ।
তৃণমূল সূত্রে দাবি করা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড জনসভায় যোগ দিতে যাওয়ার আগে একদল বিজেপি সমর্থক পরিকল্পিত ভাবে এই হামলা চালায়। হামলার সময় মন্ত্রীর বাড়ির জানালার কাচ ভেঙে যায় এবং এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।


অন্যদিকে বিজেপি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তাদের দাবি, উল্টে তৃণমূল কর্মীরাই বিজেপি সমর্থকদের উপর হামলা চালিয়েছে। পাথর ছোড়াছুড়ির ঘটনায় বিজেপির উত্তর কলকাতা জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ গুরুতর জখম হয়েছেন বলে দাবি করেছে দল। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থলে ব্যাপক ইটবৃষ্টি ও ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত এলাকায় পৌঁছয় এবং উত্তেজনা প্রশমনের চেষ্টা শুরু করে।
ব্রিগেড সভার দিনেই এই ঘটনাকে কেন্দ্র করে কলকাতার রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে, ফলে ঘটনাটি ঘিরে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে।









