পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে চর্চার কেন্দ্রে অধীর রঞ্জন চৌধুরী। দীর্ঘ তিন দশক পর আবার কি বিধানসভা নির্বাচনের ময়দানে নামতে চলেছেন তিনি? ২০২৬-এর ভোটকে সামনে রেখে তাঁর মন্তব্য ঘিরে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস নেতা স্পষ্ট জানিয়ে দেন, দল তাঁকে যেখান থেকে লড়তে বলবে, সেখান থেকেই প্রার্থী হবেন তিনি। নিজেকে ‘দলের সৈনিক’ বলে উল্লেখ করে অধীর বলেন, “আমি দলের একজন সৈনিক। দল যা সিদ্ধান্ত নেবে, সেটাই মেনে চলব। আমাদের সকলকে একজোট হয়ে লড়াই করার বার্তা দেওয়া হচ্ছে।”
রাজনৈতিক সূত্রে খবর, মুর্শিদাবাদের বহরমপুর কেন্দ্র থেকেই তাঁকে প্রার্থী করা হতে পারে। যদিও এ বিষয়ে এখনও কংগ্রেসের তরফে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে অধীরের নিজের মন্তব্যেই সেই সম্ভাবনা আরও জোরালো হয়েছে।
উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অধীর চৌধুরী, কিন্তু সেখানে পরাজয়ের মুখ দেখতে হয়েছিল তাঁকে। তবে তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং সাংগঠনিক প্রভাব এখনও কংগ্রেসের কাছে বড় সম্পদ বলেই মনে করা হচ্ছে।
ইতিহাসের পাতায় ফিরে গেলে দেখা যায়, ১৯৯৬ সালে নবগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে প্রথমবার বিধায়ক হয়েছিলেন অধীর। এরপর দীর্ঘ সময় তিনি লোকসভা রাজনীতিতেই সক্রিয় ছিলেন। তাই ৩০ বছর পর আবার বিধানসভায় ফেরার সম্ভাবনা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।
এখন দেখার, কংগ্রেস নেতৃত্ব শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয় এবং সত্যিই কি ২০২৬-এর ভোটে নতুন করে বিধানসভায় প্রত্যাবর্তন ঘটে এই বর্ষীয়ান নেতার।



