হাওড়ার উলুবেড়িয়ায় এক বিভীষিকাময় পারিবারিক ঘটনার সাক্ষী রইল স্থানীয়রা। গভীর রাতে ঘুমন্ত স্ত্রী ও ছেলেকে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। এরপর নিজেও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে সে। ঘটনাটি সামনে আসতেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার বানিতলা এলাকায়। অভিযুক্তের নাম প্রদীপ মুখোপাধ্যায়। স্ত্রী অপর্ণা মুখোপাধ্যায় (৩৮), দুই ছেলে এবং মাকে নিয়ে থাকতেন তিনি। দীর্ঘদিন ধরেই সংসারে অশান্তি চলছিল বলে স্থানীয়দের দাবি।


বৃহস্পতিবার সকাল থেকেই পরিবারে বচসা চলছিল। রাতের দিকে পরিস্থিতি ভয়ঙ্কর মোড় নেয়। অভিযোগ, গভীর রাতে স্ত্রী অপর্ণা ও দুই ছেলে ঘুমিয়ে থাকাকালীন প্রদীপ টালি খুলে ঘরের মধ্যে ঢুকে পড়ে। তারপর ধারালো কাটারি দিয়ে স্ত্রী ও বড় ছেলে প্রণবের উপর এলোপাথাড়ি হামলা চালায়।
আক্রমণের সময় ছোট ছেলে আবির পালানোর চেষ্টা করলে তার উপরও হামলা করা হয়। এরপর অভিযুক্ত নিজেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে বলে অভিযোগ।
রক্তাক্ত অবস্থায় অপর্ণা ও প্রণবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে প্রদীপ ও তার ছোট ছেলে।


ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তের মা কৃষ্ণা মুখোপাধ্যায়কে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঠিক কী কারণে এমন ভয়াবহ ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে পারিবারিক বিবাদকেই এই হত্যাকাণ্ডের মূল কারণ বলে মনে করা হচ্ছে।







