নতুন স্টক আসার আগেই বাড়তি দাম! বাজেটের ধাক্কায় কোন সিগারেটের দাম কত বেড়ে গেল

বাজেটের পরই কার্যকর নতুন আবগারি শুল্ক। নতুন স্টক আসার আগেই সিগারেটের দাম প্যাকেট পিছু ২২–২৫ টাকা পর্যন্ত বেড়েছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বাজেট ঘোষণার ২৪ ঘণ্টাও পেরোয়নি—তার আগেই পকেটে আগুন। নতুন স্টক বাজারে ঢোকার আগেই সিগারেটের প্যাকেটে বসেছে বাড়তি দাম। ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়া নতুন আবগারি শুল্কের জেরে সিগারেট ও তামাকজাত পণ্যের দাম এক ধাক্কায় বেড়েছে। সংস্থাগুলি এখনও নতুন এমআরপি ঘোষণা না করলেও, খুচরো বাজারে ইতিমধ্যেই ২২ থেকে ২৫ টাকা পর্যন্ত বাড়তি দাম গুনতে হচ্ছে ক্রেতাদের।

পিটিআই সূত্রে খবর, বাজেটে কম্পেনসেশন সেস তুলে দিয়ে সিগারেটের উপর নতুন আবগারি শুল্ক বসানো হয়েছে। এর উপর আগের মতোই কার্যকর থাকছে ৪০ শতাংশ জিএসটি। পাশাপাশি পান মশলার ক্ষেত্রে বসানো হয়েছে আলাদা স্বাস্থ্য সেস। সব মিলিয়ে করের বোঝা বেড়েছে, আর তার সরাসরি প্রভাব পড়েছে খুচরো দামে।

কোন সিগারেটের দাম কত বাড়ল?

খুচরো বিক্রেতাদের দাবি, নতুন দামের প্যাকেট এখনও বাজারে পৌঁছয়নি। কিন্তু ততদিন পর্যন্ত পুরনো স্টকেই বাড়তি দাম নেওয়া হচ্ছে। অনেক সংস্থা ইতিমধ্যেই তাদের বর্তমান স্টক রিলিজ বন্ধ রেখেছে। নতুন এমআরপি প্রিন্ট হওয়া প্যাকেট বাজারে এলে তবেই সেই স্টক ছাড়া হবে বলে ইঙ্গিত মিলেছে।

শিল্পমহলের অনুমান, ফেব্রুয়ারির শেষ ভাগের মধ্যেই নতুন প্রিন্ট হওয়া প্যাকেট ডিস্ট্রিবিউটরদের কাছে পৌঁছবে। তার পর দাম নিয়ে ধোঁয়াশা কাটবে। তবে আপাতত, নতুন স্টক আসার আগেই ধাক্কা খেতে হচ্ছে ধূমপায়ীদেরই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত