নজরবন্দি ব্যুরো: রাজ্যে দুর্নীতি মামলার তদন্ত করছে দুই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। শাসক দলের একাধিক নেতা-মন্ত্রী জেল হেফাজতে রয়েছেন। কিন্তু এনিয়ে ইডি-সিবিআইকে চাপের মুখে পড়তে হয়েছে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কেন তদন্ত হচ্ছে না তা নিয়েও নানা প্রশ্ন উঠেছে। তাই সব দিক ভেবেই এবার সারদা-নারদা মামলায় রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে তদন্ত শুরু করতে দিল্লির কাছে অনুমতি চাইল সিবিআই-এর পূর্বাঞ্চলীয় কর্তৃপক্ষ। ইতিমধ্যেই বিস্তারিত তথ্য রিপোর্ট পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সূত্রে খবর, সারদা মামলার তথ্য তুলে দিল্লিতে জানানো হয়েছে, কুন্তল ঘোষের চিঠি নিয়ে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা অন্যদের জিজ্ঞাসাবাদ করা যায়, তবে সুদীপ্ত সেনের চিঠি নিয়ে শুভেন্দু অধিকারীকে কেন জেরা করা যাবে না? এছাড়া কাঁথি সংক্রান্ত ঘটনায় সুদীপ্ত সেন ও সারদার সঙ্গে শুভেন্দুর আর্থিক লেনদেনের যথেষ্ট প্রামাণ্য প্রাথমিক তথ্য ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। এমনকি সুদীপ্ত সেন তাঁকে ৫০ লক্ষ টাকা দেওয়ার দাবিও করেছেন। রাজ্যের বিভিন্ন দুর্নীতির তদন্তে ইডি-সিবিআইয়ের আধিকারিকেরা যথেষ্ট পরিশ্রম করছেন। কিন্তু শুভেন্দুর বিরুদ্ধে তদন্ত না হওয়ার কারণে তাদের নানা প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। শাসক দলের নেতাদের বিরুদ্ধে তদন্তের প্রসঙ্গ এলেই শুভেন্দু ইস্যু মাথাচাড়া দিয়ে ওঠে। তাই সব প্রশ্ন থামাতে বিজেপি নেতার বিরুদ্ধে তদন্ত শুরু করতে চাইছে সিবিআই।

রাজ্যের বিভিন্ন দুর্নীতি মামলার তদন্তে এখনও পর্যন্ত শাসক দলের একাধিক নেতা-মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। তৃণমূলের তরফে বারবার অভিযোগ তলা হয়েছে, যে সমস্ত নেতারা প্রকাশ্যে দুর্নীতি করেছেন বিজেপিতে যোগদানের পর তাঁদের বিরুদ্ধে তদন্ত হয় না। এই ভাবমূর্তি এবার কাটাতে চাইছে গোয়েন্দা সংস্থা। সারদা-নারদা মামলায় শুভেন্দুর বিরুদ্ধে তদন্ত শুরু করতে দিল্লিতে রিপোর্ট এবং জরুরী তথ্য পাঠানো হয়েছে।

উল্লেখ্য, শুভেন্দু অধিকারী তৃণমূলের প্রথম সারির নেতাদের মধ্যেই একজন ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন বলেও শোনা যেত। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করেন তিনি। তার আগেই বেশ কয়েকমাস ধরেই দলের সঙ্গে দূরত্ব তৈরি করেছিলেন বলে খবর। বিধানসভা নির্বাচনের পরই নিয়োগ দুর্নীতি মামলা, গরু পাচার, কয়লা পাচার মামলার তদন্তে তৎপর হয় ইডি-সিবিআই। গ্রেফতার হন শাসক দলের একাধিক নেতা-মন্ত্রী। তৃণমূলের তরফে একাধিকবার নাম না করেও দুর্নীতি ইস্যুতে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করা হয়। তবে এবার তাঁর বিরুদ্ধে তদন্ত করার সিদ্ধান্ত নেওয়া হল। অপেক্ষা কেবল সবুজ সংকেতের।
প্রশ্নের মুখে দুর্নীতি মামলার অগ্রগতি! দিল্লির কাছে শুভেন্দুর বিরুদ্ধে তদন্তের অনুমতি চাইল CBI




