আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক খুন এবং ধর্ষণ কাণ্ডের তদন্তে এ বার সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে তলব করল সিবিআই। সূত্রের খবর আজ, বৃহস্পতিবার বেলা ১১টায় সিজিও কমপ্লেক্সের সিবিআই দফতরে যাবেন মীনাক্ষী। সিপিআইএম নেত্রী তথা দলে যুব সংগঠন DYFI- এর রাজ্য সম্পাদক মিনাক্ষী সমন পাওয়ার সময় ছিলেন কোচবিহারে। সেখান থেকে ট্রেনে ফিরছেন তিনি। ট্রেন সকাল ১০ টায় শিয়ালদহ স্টেশনে আসবে। সেখান থেকেই সোজা সিজিও কমপ্লেক্সে যাবেন তিনি।
সিপিআইএম সূত্রে খবর, কয়েক দিন আগে একজন সিবিআই আধিকারিক ফোন করেছিলেন মীনাক্ষীকে। তিনিই মীনাক্ষী মুখোপাধ্যায়কে তদন্তের স্বার্থে সিবিআই দফতরে আসতে বলেন। সূত্রের দাবী, দলের তরফে সেই ব্যক্তির(সিবিআই আধিকারিক) পরিচয় খতিয়ে দেখা হয়। ওই আধিকারিকের পরিচয় সম্পর্কে নিঃসংশয় হওয়ার পর মিনাক্ষী সিবিআই দফতরে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেই মতোই বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে যাচ্ছেন সিপিআইএম যুবনেত্রী।


আরজি কর-কাণ্ডে মীনাক্ষী মুখোপাধ্যায়কে তলব, CBI দফতরে যাচ্ছেন CPIM নেত্রী

উল্লেখ্য, মীনাক্ষী মুখোপাধ্যায়ের চেষ্টার ফলেই আরজি করে ধর্ষন ও খুন হয়ে যাওয়া মহিলা চিকিৎসকের দেহ দ্রুততার সঙ্গে দাহ করতে পারেনি পুলিশ। মিনাক্ষী পুলিশের গাড়ি আটকাচ্ছেন, এই ছবিও সমাজমাধ্যমে ভাইরাল হয়। গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে। সে দিনই হাসপাতালে গিয়ে নির্যাতিতা চিকিৎসকের বাবা-মায়ের সঙ্গে দেখা করেন মীনাক্ষী। এর পর থেকেই আন্দোলন তীব্রতর যায়গায় পৌঁছে যায়।
এর পর গত ১১ই অগাস্ট আরজি কর হাসপাতালের বাইরে মীনাক্ষীর নেতৃত্বে অবস্থানে বসেন বাম যুব সংগঠনের সদস্যেরা। ১৪ অগস্ট রাতে এক দল উন্মত্ত জনতা আরজি কর হাসপাতালে ভাঙচুর চালায়। আরজি করের ব্যারিকেড ভাঙার সময়ে সিপিএমের যুব সংগঠনের পতাকা দেখা যাচ্ছে এই রকম একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে এই ভাঙচুরের ঘটনায় মিনাক্ষীকে নোটিস দিয়ে তলব করেছিল কলকাতা পুলিশ। গত ২৬ অগস্ট মিছিল করে লালবাজারে যান মিনাক্ষীরা। আর আজ সমন পাঠাল সিবিআই।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



