নজরবন্দি ব্যুরো: গরুপাচার মামলার তদন্তের তৎপরতা বাড়িয়েছে সিবিআই। অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েনের বাড়িতে সিবিআই হানা। বুধবার সকালেই বোলপুরে তাঁর বাড়িতে যায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের তিনজন আধিকারিক। বিদ্যুৎবরণকে দীর্ঘ এক ঘণ্টার জিজ্ঞাসাবাদ করা হয়। তল্লাশির পর তাঁর বাড়ি থেকে বেরিয়ে যান তদন্তকারী আধিকারিকরা।
আরও পড়ুন: আকাশ মেঘলা, বৃষ্টির দেখা নেই, দহনজ্বালায় ভুগবে বাংলা
চলতি সপ্তাহের মঙ্গলবার থেকে সিবিআইয়ের তৎপরতা বেড়েছে। বোলপুরের গেস্ট হাউজ রতন কুঠিতে অস্থায়ী ক্যাম্প বানিয়েছে। বুধবার অনুব্রত মণ্ডল ও সুকন্যা মণ্ডল ঘনিষ্ঠ একাধিকজনকে তলব করেছে গোয়েন্দা সংস্থা। সূত্রে খবর, শক্তিগড়ে যারা বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গে যারা দেখা করেছিলেন এবার তাঁরা সিবিআইয়ের স্ক্যানারে।

বিদ্যুৎবরণ গায়েন অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। দীর্ঘদিন বোলপুর পুরসভার অস্থায়ী কর্মী ছিলেন বিদ্যুৎবরণ। ট্রাকের খালাসি হিসেবে কাজ করতেন। ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর স্থায়ী কর্মী হিসেবে নিযুক্ত হন তিনি। গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর যে কোম্পানিগুলির হদিশ পাওয়া গিয়েছিল তার একটির ডিরেক্টর পদে প্রথম নাম ছিল কেষ্ট কন্যা সুকন্যা মণ্ডলের। দ্বিতীয় নামটি ছিল বিদ্যুৎবরণের। স্বাভাবিকভাবেই তাঁর দিকে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের নজর ছিল।

সিবিআই আধিকারিকদের প্রশ্ন, একজন পুরসভার কর্মী হয়ে কীভাবে বিপুল সম্পত্তির মালিক হলেন বিদ্যুৎবরণ। একটি কোম্পানির ডিরেক্টর পদে কেন তাঁকে নিয়োগ করা হল? একাধিক প্রশ্নের উত্তর খুঁজতে তাঁর বাড়িতে হানা দেয় সিবিআই। জানা গিয়েছে, বিদ্যুৎবরণ লিভার ক্যানসারে আক্রান্ত। এদিন তাঁর বাড়িতে হানা দিয়ে দীর্ঘ এক ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। অনুব্রতর পাশাপাশি তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের ঘনিষ্ঠ হিসেবেও পরিচিতি ছিল বিদ্যুৎবরণের।
Anubrata Mandal ঘনিষ্ঠের বাড়িতে CBI হানা, দীর্ঘ এক ঘণ্টার জিজ্ঞাসাবাদ




