৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠানকে ঘিরে নজিরবিহীন নিরাপত্তা বলয়ে ঢেকে ফেলা হচ্ছে কলকাতা। সম্ভাব্য ভিভিআইপি উপস্থিতি—প্রধানমন্ত্রী থেকে একাধিক মুখ্যমন্ত্রী—সবকিছু মাথায় রেখে প্রায় ৪০০০ পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু মাটিতে নয়, আকাশপথ থেকেও নজরদারির বিশেষ ব্যবস্থা থাকছে।
পঁচিশে বৈশাখের দিন অনুষ্ঠিত হতে চলা এই শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রস্তুতি তুঙ্গে প্রশাসনের। ব্রিগেড প্যারেড গ্রাউন্ড এবং সংলগ্ন ময়দান এলাকা কার্যত উচ্চ-সুরক্ষিত জোনে পরিণত করা হচ্ছে। গোটা নিরাপত্তা ব্যবস্থার তদারকিতে থাকবেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ। তাঁর সঙ্গে থাকবেন অতিরিক্ত কমিশনার, যুগ্ম কমিশনার এবং একাধিক ডেপুটি কমিশনার স্তরের আধিকারিকরা।


পুলিশ সূত্রে জানা যাচ্ছে, পুরো এলাকা একাধিক সেক্টরে ভাগ করে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে। প্রতিটি সেক্টরের দায়িত্বে থাকবেন সিনিয়র অফিসাররা। গুরুত্বপূর্ণ মোড় ও প্রবেশপথে কড়া নজরদারি চালানো হবে। আশপাশের বহুতল ভবনগুলিকেও নজরদারির আওতায় আনা হচ্ছে, যাতে কোনও সন্দেহজনক গতিবিধি চোখ এড়াতে না পারে।
শুধু স্থলপথ নয়, আকাশ থেকেও নজর রাখার পরিকল্পনা রয়েছে পুলিশের। ড্রোন এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির সাহায্যে পুরো অনুষ্ঠানস্থল পর্যবেক্ষণ করা হবে। পাশাপাশি, রাস্তায় মোতায়েন থাকবে ‘কুইক রেসপন্স টিম’—যে কোনও জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে প্রস্তুত।
এই বিশাল নিরাপত্তা বলয়ে কলকাতা পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর সদস্যরাও থাকবেন। প্রশাসনের লক্ষ্য, কোনওরকম বিশৃঙ্খলা বা নিরাপত্তা বিঘ্ন ছাড়াই নির্বিঘ্নে অনুষ্ঠান সম্পন্ন করা।









