নজরবন্দি ব্যুরোঃ মানিকচকে সম্ভাব্য প্রার্থী নিয়ে ক্ষোভ বিজেপির অন্দরে, প্রয়োজনে নির্দল প্রার্থীর হুঁশিয়ারি। প্রথম দুই দফার প্রার্থী তালিকা আগেই প্রকাশ করেছে বিজেপি। বাকি ছয় দফার তালিকা চূড়ান্ত করতেই আজ দিল্লীতে উচ্চপর্যায়ের বৈঠক। তারপরেই প্রকাশ পাওয়ার কথা প্রার্থী তালিকা। তবে তার আগেই দলের অন্দরের ক্ষোভ বাইরে চলে এল মানিকচকে। বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের অসন্তোষ এতটাই তীব্র যে প্রয়োজনে নির্দল প্রার্থী দাঁড় করানোর হুঁশিয়ারি দিয়েছে তারা।
আরও পড়ুনঃ শিশির সাক্ষাতে আজ শান্তিকুঞ্জে যাচ্ছেন লকেট, তবে কি এবার BJPতে সিনিয়র অধিকারী?


ঘটনার সূত্রপাত কিছুদিন আগে বিজেপিতে যোগ দেওয়া মালদহ জেলা পরিষদের সভাধিপতি গৌড়চন্দ্র মন্ডলের বিধানসভা ভোটে মানিকচক কেন্দ্রে বিজেপি প্রার্থী হওয়ার সম্ভবনা নিয়ে। যার জেরে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করে বিক্ষুব্ধ বিজেপি কর্মী সমর্থকেরা। যে প্রতিবাদের নেতৃত্বে ছিলেন বিজেপির নেতা ও জেলা পরিষদ নির্বাচনে গৌড়চন্দ্র মন্ডলের বিরুদ্ধ প্রার্থী অনিল মন্ডল। প্রসঙ্গত তৃণমূলে থাকাকালীন “ভোট লুট” করে জেতার অভিযোগ তুলে গৌড় মন্ডলের বিরুদ্ধে মামলা দায়ের করেন পরাজিত বিজেপি প্রার্থী অনিল মন্ডল। সেই মামলা এখনও বিচারাধীন। এমন অবস্থায় সভাধিপতি গৌড়চন্দ্র মন্ডলের বিজেপিতে যোগদান এবং প্রার্থী হওয়ার সম্ভাবনাই নিচুতলায় ইতিমধ্যে ক্ষোভ ছাড়িয়েছে। তাঁকে টিকিট দেওয়া হলে নির্দল প্রার্থী দাঁড় করানো হবে বলে জানিয়েছেন তাঁরা।
সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল এই প্রতিবাদ বিক্ষোভের ছবি। এর আগে বিজেপিতে যোগ দিয়ে মানিকচকের ফেরার সময় গৌড় মন্ডলের র্যালিতে তাঁকে লক্ষ্য করে জুতা দেখান তৃণমূল কর্মীদের একাংশ। যা নিয়ে কোন মন্তব্য করেননি তিনি। বিক্ষোভকারীদের দাবি , মানিকচক বিধানসভা কেন্দ্রে উড়ে এসে জুড়ে বসা কাউকে প্রার্থী হিসেবে মেনে নেওয়া হবে না । পরিবর্তে দলের পুরোনো কাউকে প্রার্থী করা হোক । কারণ গৌড় মণ্ডল তৃনমূলের নেতৃত্বে থাকাকালীন বি জে পি র অনেককে ঘড় ছাড়া হতে হয়। অনেককে মিথ্যে মামলা দেওয়া হয়। যদিও সভাধিপতি ঘনিষ্ট শিবিরের বক্তব্য গৌড় চন্দ্র মণ্ডলের হাত ধরেই রাজ্যের প্রথম জেলা পরিষদ মালদা পাচ্ছে বি জে পি।
মানিকচকে সম্ভাব্য প্রার্থী নিয়ে ক্ষোভ বিজেপির অন্দরে, প্রয়োজনে নির্দল প্রার্থীর হুঁশিয়ারি। দলবদল করে ফেরার পর তাঁকে স্বাগত জানিয়েছেন প্রচুর বি জে পি কর্মী সমর্থক। রীতিমতো উচ্ছাস দেখা গিয়েছে মানিকচকে। অল্প কিছু লোক মনে ক্ষুন্ন রয়েছেন। তাতে কোনো সমস্যা হবে না। মালদা জেলা বিজেপি সভাপতি গোবিন্দ চন্দ্র মণ্ডল বলেন, প্রার্থীকে হবেন তা ঠিক করবে শীর্ষ নেতৃত্ব। এখন দেখার প্রার্থী তালিকা প্রকাশের পর সেখানে কি পরিস্থিতির সৃষ্টি হয়।









