নজরবন্দি ব্যুরো: লোকসভার নীল নকশা তৈরি বিজেপির। নির্বাচনের আগে আর সময় এক বছরের সামান্য কম। তার আগে বাংলাকে ‘পাখির চোখ’ করে দেখতে চাইছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এবার, লোকসভা নির্বাচনে সাফল্যের লক্ষ্যে ‘মিশন বাংলা’ নামে আটমাস ব্যাপী রোডম্যাপ চূড়ান্ত করা হল। বাংলায় বিজেপির নেতারা এই কর্মসূচি নিয়ে গোটা রাজ্য ঘুরবেন।
আরও পড়ুন: বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর, এবার থেকে কলকাতা পুলিশের আওতায় ভাঙড়
বাদল অধিবেশনকে কেন্দ্র করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দিল্লিতে রয়েছেন। শুভেন্দু অধিকারীকে দফায় দফায় তলব করে রাজধানীতে ডেকেছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। গত সোম ও মঙ্গলবার বাংলার এই হেভিওয়েট নেতার সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, সুনীল বনশল, বিএল সন্তোষ এবং মঙ্গল পান্ডেরা। এই বৈঠক থেকেই স্থির হয়েছে ‘মিশন বাংলা’ কর্মসূচি।

জানা গিয়েছে, আগামী ২৯ জুলাই থেকে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর হুগলি থেকে ‘মিশন বাংলা’ সূচনা করবেন। এরপর যোগ দেবেন বিজেপির অন্যান্য নেতারাও। বিভিন্ন এলাকায় পঞ্চায়েত ভোটে জয়ী বিজেপি প্রার্থীদের সংবর্ধনাও দেওয়া হবে। সূত্রের খবর, বাংলা থেকে ৩৫টি আসনের লক্ষ্য বেঁধে দিয়েছেন শাহ-নাড্ডারা। ফলে, বাংলার বিজেপি নেতাদের ওপর বাড়তি দায়িত্ব দেওয়া হচ্ছে।

আগামী ৩১ জুলাই সংসদে আরেকটি এনডিএ বৈঠক ডাকা হয়েছে। সেখানেও ‘মিশন বাংলা’ কর্মসূচি নিয়ে আলোচনা করা হবে বলে সূত্রের খবর। গত বছর লোকসভা ভোটে বাংলা থেকে ১৮টি আসন জেতে বিজেপি। এবার লক্ষ্যমাত্রা আরও বেশি। অন্যদিকে, ইন্ডিয়া জোটকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে বিরোধী দলগুলিও লড়াইয়ে নামতে প্রস্তুত। এখন, বিজেপির ‘মিশন বাংলা’ কর্মসূচি কতটা সাফল্য এনে দেয় সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
লোকসভার নীল নকশা তৈরি বিজেপির, ‘মিশন বাংলা’ কর্মসূচি নিয়ে গোটা রাজ্য ঘুরবেন নেতারা!




