নজরবন্দি ব্যুরোঃ গতকালই বঙ্গ সফরে এসে ২৫ এর টার্গেট স্থির করে দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এরপর দুই দিনের কার্যকারিণী বৈঠকে বসল বঙ্গ বিজেপি। দুর্গাপুরে দুই দিনের বৈঠক হবে এক হোটেলে। লোকসভা নির্বাচনে বাংলা থেকে ২৫ টি আসন চায় কেন্দ্রের নেতারা। সেই নিয়েই বৈঠক বসছে বঙ্গ বিজেপি।
আরও পড়ুনঃ Calcutta High Court: জঙ্গলের আইন চলতে পারে না, বদলি নিয়ে বিস্ফোরক বিচারপতি
বিজেপির সূত্রে খবর, বুধবারেই জাতীয় কার্যকারিণী বৈঠকে সভাপতি পদে জেপি নাড্ডার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। তখন থেকেই বাংলাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন কেন্দ্রের নেতারা। প্রথম রাজ্য সফর হিসেবে বাংলাকেই বেছে নেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেখান থেকেই দলের নেতাদের বিশেষ টোটকা দিয়ে গেছেন তিনি। নাড্ডা দিল্লি ফিরতেই বৈঠকে বসল গেরুয়া শিবির।

মূলত, বুথ স্তরে সংগঠনকে কীভাবে মজবুত করা যায়? তা নিয়ে আলোচনা হবে এই বৈঠকে। বৈঠকে উপস্থিত থাকবেন সমস্ত বিধায়ক ও সাংসদরা। এছাড়াও উপস্থিত থাকার কথা পর্যবেক্ষকদের। শুক্রবার বিকেল থেকে শুরু হতে চলেছে পদাধিকারিকদের বৈঠক। এরপর শনিবার থেকে শুরু হবে মূল বৈঠক। প্রায় দেড়শো জন বিজেপির প্রতিনিধি এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
দুর্গাপুরে দুই দিনের বৈঠক, বড় পরিকল্পনা বিজেপির

তবে লোকসভার আগে পঞ্চায়েত নির্বাচন বিজেপির কাছে সেমিফাইনালের মতো। শাসক দলের দুর্নীতির অভিযোগকে হাতিয়ার করে প্রচারে যেমন জোর দিতে চাইছে গেরুয়া শিবির, তেমনই সাংগঠনিক স্তরে দলকে আরও চাঙ্গা করতে চান সুকান্ত মজুমদাররা। নির্বাচনী রণকৌশল স্থির করতে এবং রাজ্য নেতা থেকে কর্মীদের ভোকাল টনিক দিতেই জে পি নাড্ডার বঙ্গে সফর করেছেন বলে রাজনৈতিক মহলের অনুমান। সমস্ত অন্তর্দ্বন্দ্ব মিটিয়ে যাতে পুরোদমে কর্মীরা মাঠে নেমে পড়েন, সেই বার্তাই দেওয়া হয়েছে দলের অন্দরে।



