আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। বুধবার পুলিশমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে বিধানসভায় অবস্থান বিক্ষোভে বিজেপির পরিষদীয় দল। নেতৃত্বে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁদের একটাই দাবি, মমতা বন্দ্যোপাধায়ের পদত্যাগ! আর তা না হওয়া পর্যন্ত বিজেপি অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন শুভেন্দু।
কলকাতা হাই কোর্টের নির্দেশে আরজি কর-কাণ্ডের তদন্তভার নিয়েছে সিবিআই। ইতিমিধ্যেই ধৃত সঞ্জয়কে নিজেদের হেফাজতে নিয়েছেন গোয়েন্দারা। বিজেপি বিধায়কদের অভিযোগ, পুলিশের তরফে মূল ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। পাশাপাশি, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধেও তাঁদের একগুচ্ছ অভিযোগ। হাসপাতাল ও স্বাস্থ্য বিভাগের বিরুদ্ধেও সরব বিজেপি। এই দফতর যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চালান, তাই তাঁর পদত্যাগের দাবি জানিয়েছেন শুভেন্দু।
মঙ্গলবারই শুভেন্দু অধিকারী বলেছেন, “এই ঘটনা সহ্য করে হবে না। নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতেই হবে। আমরা বিজেপির বিধায়কেরা মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি জানাই। স্বাধীনতা দিবসে শেষবারের জন্য পতাকা তুলে বিদায় নিন উনি। আমরা ছাড়ব না। আর সঙ্গে পুলিশ কমিশনার বিনীত গোয়েল যিনি মুখ্যমন্ত্রীর নির্দেশে কাজ করছেন তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক।”



