সামনেই লোকসভা নির্বাচন, আগামীকাল নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাবে। বাংলায় ইতিমধ্যেই ভোটের উত্তাপ চোখে পড়ছে। বঙ্গ রাজনীতির একজন গুরুত্বপূর্ণ মুখ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। প্রধান বিরোধী দল বিজেপির রাজ্য সভাপতি তিনি। পাশাপাশি, আসন্ন নির্বাচনে একজন প্রার্থী হিসেবে তাঁকেও ময়দানে নামতে হবে। এরই মধ্যে তিনি দেওঘর সফরে গিয়েছেন। সেখানে গিয়ে রাজ্যবাসীর মঙ্গল কামনায় আশীর্বাদ প্রার্থনা করলেন বিজেপি সাংসদ।



আরও পড়ুন: ভোট আবহে ‘লড়াই’ ভুলে সৌজন্য, অসুস্থ মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করলেন সুকান্ত মজুমদার
শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বেশকিছু ছবি শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ দেওঘরে গিয়ে পরম পূজ্যপাদ্ শ্রীশ্রী আচার্যদেবের শ্রীচরণে রাজ্যবাসীর মঙ্গল কামনায় আশীর্বাদ প্রার্থনা করলাম।। জয়গুরু।’ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে সুকান্ত মজুমদারকে প্রার্থী করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। গত বছর এই কেন্দ্র থেকেই বিজেপির টিকিটে জয়লাভ করে সাংসদ হয়েছিলেন তিনি।

বৃহস্পতিবার বালুরঘাট বিধানসভা এলাকায় এক কর্মসূচিতে যোগ দিয়েছিলেন সুকান্ত মজুমদার। সেখানে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়। সেখানে লোকসভা নির্বাচন সংক্রান্ত বৈঠকে উপস্থিত ছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে লিখেছেন, ‘মানুষের ভালোবাসায় এবং ভরসায় ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি হিসাবে আমি চিরকাল সকলের সুখে-দুঃখে তাদের পাশে ঢাল হয়ে দাঁড়াতে প্রতিজ্ঞাবদ্ধ।’


দেওঘরে সুকান্ত মজুমদার, রাজ্যবাসীর মঙ্গল কামনায় আশীর্বাদ প্রার্থনা

বৃহস্পতিবার বিকেলে বাড়িতেই পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কপালে ও নাকে চোট লেগেছে, রক্তক্ষরণ হয়েছে। মোট চারটি সেলাই পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার খবর পেয়ে বিজেপির রাজ্য সভাপতি তাঁর সুস্থতা কামনা করেছেন। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করছি। আমাদের প্রার্থনা তাঁর সঙ্গে রয়েছে, তিনি সুস্থ হয়ে উঠুন।’







