বাভুমাকে ‘বামন’ বলে বিদ্রুপ করেছিল ভারত, ইডেনে তারই ছায়ায় ঢাকা পড়ল ‘টিম ইন্ডিয়া’

বুমরাহের তির্যক মন্তব্যের পরও টেম্বা বাভুমার ব্যাটিং ক্লাসে তছনছ হয়ে গেল শুভমন-পন্থদের তারকাখচিত দল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ইডেন গার্ডেন্সে ঘটে গেল এমন এক নাটকীয় মুহূর্ত, যেখানে ‘বিদ্রুপ’ হার মানল প্রতিভার কাছে। ম্যাচে বারবার উচ্চতা নিয়ে ঠাট্টার মুখে পড়তে হয় দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমাকে। ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহের মুখেও শোনা যায় ‘বামন’ মন্তব্য। অথচ শেষমেশ ইডেনের সব আলোকে ঢেকে দিলেন বাভুমা, আর তাঁর অসাধারণ ব্যাটিংয়ের ছায়ায় মিলিয়ে গেল শুভমন গিল, ঋষভ পন্থ এবং বুমরাহদের মতো তারকারা।

প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে যেন অন্য রূপে হাজির হন বাভুমা। তখন পিচ আরও কঠিন, স্পিনাররা আরও ভয়ংকর। সেই অবস্থায় দক্ষিণ আফ্রিকার অধিনায়ক খেললেন অপরাজিত ৫৫ রানের এক অনবদ্য ইনিংস—যা শেষমেশ ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। মাত্র আড়াই দিনে ভারতের মতো দলকে হারিয়ে দক্ষিণ আফ্রিকা লিখে দেয় ঐতিহাসিক জয়। আর সেই জয়ের কেন্দ্রে ছিলেন টেম্বা বাভুমা

বাভুমাকে ‘বামন’ বলে বিদ্রুপ করেছিল ভারত, ইডেনে তারই ছায়ায় ঢাকা পড়ল ‘টিম ইন্ডিয়া’

বাভুমার উচ্চতা মাত্র ৫ ফুট ৪ ইঞ্চি। ক্রিকেট দুনিয়ায় যা অনেকেই ছোট বলে মনে করেন। তাঁকে নিয়ে তৈরি হয় অসংখ্য মিম, ওঠে হাসাহাসি। কখনও মার্কো জানসেনের পাশে দাঁড়ানো ছবি নিয়ে মন্তব্য, কখনও মর্নি মর্কেলের পাশে দাঁড়িয়ে তাঁর উচ্চতা নিয়ে ব্যঙ্গ—সবই সহ্য করতে হয়েছে তাঁকে। কিন্তু এ বার ঘটনা আরও গুরুতর। দ্বিতীয় দিনের ১৩তম ওভারে বুমরাহ এলবিডব্লিউ আবেদন করার পর সতীর্থদের বলেন, “রিভিউ নেব না, ও বাওনা।” সেই সঙ্গে ব্যবহার করেন একটি অশ্লীল শব্দ।

বাভুমাকে ‘বামন’ বলে বিদ্রুপ করেছিল ভারত, ইডেনে তারই ছায়ায় ঢাকা পড়ল 'টিম ইন্ডিয়া'
বাভুমাকে ‘বামন’ বলে বিদ্রুপ করেছিল ভারত, ইডেনে তারই ছায়ায় ঢাকা পড়ল ‘টিম ইন্ডিয়া’

বিতর্ক ছড়ালেও বাভুমা কিছুই বলেননি। বরং দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স জানিয়ে দেন, ঘটনাটি নিয়ে দল কোনও আলোচনা করছে না। তাঁরা ব্যাটেই জবাব দিতে চান। আর ঠিক সেটাই করেছেন বাভুমা। তাঁর শান্ত, পরিমিত, নিখুঁত ইনিংস ভারতীয় বোলিং আক্রমণকে কার্যত ভেঙে দেয়।

প্রথম ইনিংসে রান না পেলেও দ্বিতীয় ইনিংসের আগে বাভুমা সাজঘরে ফিরেই স্টান্সে বদল আনেন। বাঁ পা খানিক লেগ সাইডে রেখে ব্যাট করা শুরু করেন। ফলে লেগ স্লিপ বা সিলি পয়েন্টে ক্যাচ হওয়ার সম্ভাবনা কমে যায়। এলবিডব্লিউ-র ঝুঁকিও অনেকটাই কম। ম্যাচ শেষে তিনি নিজেই বলেন, “উপমহাদেশে খেলতে শিখেছি কীভাবে টিকে থাকতে হয়। রান নিজে থেকেই আসবে, তাড়াহুড়ো নেই।”

আর সেই আত্মবিশ্বাসই তাঁকে নিয়ে গেল ম্যাচের শীর্ষে। ১৩৬ বলে ৫৫ রানে চারটি বাউন্ডারি—অন্য সবাই যখন এক কঠিন উইকেটে সংগ্রামে, তখন বাভুমা যেন খেলছিলেন অন্য পিচে। তাঁর ৩৯ রানই এসেছে দৌড়ে—যা শুধু তাঁর ফিটনেস নয়, মনোসংযোগকেও প্রমাণ করে। ভারতীয় বোলাররা আক্রমণ চালালেও তিনি দাঁড়িয়ে রইলেন অদম্য দৃঢ়তায়।

গৌতম গম্ভীর ম্যাচ শেষে স্বীকার করেন, “এই উইকেটে বাভুমা রান করেছে। মানে উইকেটের দোষ ছিল না। ব্যাটারেরা টেকনিক ও মানসিকতার পরীক্ষায় পাশ করতে পারেনি।”

বাভুমার নেতৃত্বও সমান প্রশংসনীয়। অধিনায়ক হিসাবে ১১টি টেস্টের মধ্যে জিতেছেন ১০টিতেই। একটিও হার নেই। নেতৃত্ব, ব্যক্তিত্ব, টেকনিক—সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে তিনি আজ এক বিশেষ নাম।

ইডেনে তাঁর ইনিংস শুধু ম্যাচ জেতায়নি, ভেঙে দিয়েছে দীর্ঘ ১৫ বছরের ভারতীয় আধিপত্যও। দক্ষিণ আফ্রিকা আবার টেস্ট জিতল ভারতের ঘরের মাঠে। আর সেই জয়ের কেন্দ্রে যে নামটি সবচেয়ে উজ্জ্বল—সে হল টেম্বা বাভুমা
যাঁকে কেউ বলেছিল ‘বামন’, সেই ক্রিকেটারই আজ তৈরি করলেন নিজের বৃহৎ ছায়া, যার তলায় ঢাকা পড়ে গেল ভারতের তারকারা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন