নজরবন্দি ব্যুরোঃ মজুত বোমা থেকে উড়ল শৌচাগারের ছাদ, ঘটনার কেন্দ্র ফের সেই নানুর। রাজ্যে ইতিমধ্যেই মিটেছে ৬ দফার নির্বাচন। আজ রাজ্যের ৩৬ টি কেন্দ্রে চলছে সপ্তম দফা নির্বাচন। আগামী ২৯ তারিখ ৩৫ টি আসনে নির্বাচন দিয়েই শেষ হবে এবারের বিধানসভা নির্বাচন। আগামী দফার কেন্দ্রগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আসন বীরভূম।
আরও পড়ুনঃ নাগালের বাইরে করোনা পরিস্থিতি, এবার সম্পূর্ণ লকডাউন ‘সিলিকন ভ্যালি’র রাজ্য কর্ণাটকে।
আর আজ সপ্তম দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো সেই বীরভূম। ঘটনার কেন্দ্রস্থল সেই কুখ্যাত নানুর। রাজ্যে নির্বাচন চলাকালীন যে নানুরে একাধিকবার বিস্ফোরণ হয়েছে। সপ্তম দফাতেও সেই নানুর ফের কেঁপে উঠলো বিস্ফোরণে। নানুর বিধানসভা কেন্দ্রের কীর্ণাহার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কাফেরপুর গ্রামের একটি শৌচালয় ঘরের মধ্যেই বোমা মজুত ছিল বলে গ্রামবাসীদের অভিযোগ। সোমবার সকাল ন’টা নাগাদ আচমকাই বিকট শব্দ শুনতে পান গ্রামবাসীরা। তত্ক্ষণাত্ তাঁরা ছুটে আসেন। দেখেন এলাকারই একটি পরিত্যক্ত বাড়িতে ঘটেছে বিস্ফোরণটি।
বিস্ফোরণের ফলে ওই বাড়িটির শৌচালয়ের ছাদটি উড়ে যায়। জানা গিয়েছে, ওই বাড়িটির মালিকের নাম লাল্টু শেখ। তিনি আগে ওই বাড়িতে থাকতেন, এখন আর থাকেন না। বাড়ির মালিক লাল্টুর কোনও রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। বিস্ফোরণের নেপথ্যে কাদের হাত রয়েছে অর্থাত্ কারা ওই বাড়িতে বোমা মজুত করেছিল, এই সব নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। স্থানীয় বিজেপির অভিযোগ, পরিত্যক্ত ঘরে তৃণমূলের দুষ্কৃতিরা বোমা মজুত করার কাজ করছিল। মজুত করা বোমা থেকেই বিস্ফোরণ হয়েছে। এদিকে ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল ও বিজেপি দুই পক্ষই ঘটনার জন্য পরস্পরের দিকে আঙ্গুল তুলেছে।
মজুত বোমা থেকে উড়ল শৌচাগারের ছাদ, ঘটনার কেন্দ্র ফের সেই নানুর। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। বম্ব স্কোয়াডে খবর দেওয়া হলে তারা এসেই বাকি বোমাগুলি উদ্ধার করে সেগুলিকে নিষ্ক্রিয় করে। এদিকে এই ঘটনায় কার্যত আতঙ্কে স্থানীয় গ্রামবাসীরা। ভোটের আগেই বিস্ফোরণের একই চিত্র বারবার ধরা পড়লে ভোটের দিন কি হতে পারে সেকথা ভেবে চমকে উঠছেন তাঁরা।



