বারুইপুরে নাবালিকার মৃত্যুকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া হিংসার ঘটনায় পুলিশের ধরপাকড় অব্যাহত। বৃহস্পতিবার গভীর রাতে যৌথ অভিযানে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই নিয়ে গত তিন দিনে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫। তদন্তে নতুন তথ্য সামনে আসার পাশাপাশি শনিবার আবারও বারুইপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যা ঘিরে প্রশাসনিক তৎপরতাও বেড়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বারুইপুরের একাধিক এলাকায় অভিযান চালায় জেলা পুলিশ, স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ) এবং স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি)। ওই অভিযানে পাঁচজনকে আটক করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে হিংসায় উসকানির নেপথ্যে আর কারা জড়িত, তা জানার চেষ্টা চলছে। তদন্তকারীদের দাবি, আগামী দিনেও আরও গ্রেপ্তার হতে পারে।
ঘটনার সূত্রপাত গত সপ্তাহে। শনিবার থেকে নিখোঁজ থাকা এক নাবালিকার দেহ রবিবার সকালে একটি পুকুর থেকে উদ্ধার হয়। অভিযোগ, গণধর্ষণের পর তাকে খুন করা হয়েছে। এই মামলায় ইতিমধ্যেই চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্ত চলাকালীন পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয়েছে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের।
এই ঘটনাকে কেন্দ্র করে সূর্যপুর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা সন্দেহের বশে এক যুবককে গণপিটুনি দেয়, পরে তাঁর মৃত্যু হয়। ঘটনাস্থলে পৌঁছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, গণপিটুনিতে নিহত ব্যক্তি নির্দোষ ছিলেন। একই সঙ্গে তিনি দোষীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এবং হিংসায় উসকানির অভিযোগও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখার নির্দেশ দেন।
এরপর থেকেই এলাকায় ধারাবাহিক অভিযান শুরু করে পুলিশ। প্রথম দিনে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে আরও ১২ জন ধরা পড়েন। রাতে আরও পাঁচজন গ্রেপ্তার হওয়ায় মোট গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫। পুলিশ সূত্রের দাবি, পরিস্থিতির উপর নজর রেখে এলাকায় তল্লাশি ও নজরদারি আরও বাড়ানো হয়েছে।
এদিকে গণপিটুনির ঘটনায়ও তদন্ত এগোচ্ছে। তদন্তকারীদের দাবি, নাবালিকা খুনের ঘটনায় অভিযুক্ত প্রভাস মণ্ডলকে কেন্দ্র করেই পরবর্তী উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছিল। সেই ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।
প্রশাসনিক সূত্রে খবর, শনিবার বারুইপুর সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তিনি একটি নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করবেন। ইতিমধ্যেই ফাঁড়ির প্রস্তুতির কাজ দ্রুতগতিতে চলছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।



