‘যোগীর স্টাইলে মূল সাক্ষীকে মেরে ফেলা হল’! বারুইপুর এনকাউন্টার নিয়ে বিস্ফোরক বিকাশ ভট্টাচার্য

বারুইপুরের নাবালিকা ধর্ষণ ও খুন মামলার অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের এনকাউন্টারে মৃত্যুকে ঘিরে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হল। সিপিএম নেতা ও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য দাবি করেছেন, গোটা ঘটনাটি পরিকল্পিত এবং এর নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বারুইপুর নাবালিকা ধর্ষণ ও খুন মামলার অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে বিতর্ক অব্যাহত। এবার এনকাউন্টার নিয়ে কড়া প্রশ্ন তুললেন সিপিএম নেতা ও বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তাঁর অভিযোগ, ঘটনাটি স্বতঃস্ফূর্ত নয়, বরং পূর্বপরিকল্পিত হতে পারে।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিকাশ ভট্টাচার্য বলেন, পুলিশের বর্ণিত ঘটনার সঙ্গে তিনি একমত নন। তাঁর দাবি, গোটা ঘটনাকে ‘রূপকথার গল্প’-এর মতো শোনাচ্ছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, এই এনকাউন্টার আগে থেকেই পরিকল্পিত ছিল।

সিপিএম নেতার বক্তব্য, “এটা সুপরিকল্পিত ঘটনা। যোগী আদিত্যনাথের রাজ্যের মতো মূল সাক্ষীকেই মেরে ফেলা হল।” তাঁর দাবি, এই ধরনের ঘটনায় নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি এবং প্রকৃত সত্য সামনে আসা উচিত।

প্রসঙ্গত, পুলিশের দাবি অনুযায়ী মঙ্গলবার গভীর রাতে ঘটনার পুনর্নির্মাণের সময় প্রভাস মণ্ডল এক পুলিশকর্মীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করেন এবং গুলি চালানোরও অভিযোগ ওঠে। এরপর আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া সামনে এসেছে। কেউ পুলিশের পদক্ষেপকে সমর্থন করেছেন, আবার কেউ বিচারপ্রক্রিয়া ও এনকাউন্টার নিয়ে প্রশ্ন তুলেছেন। সেই বিতর্কে বিকাশ ভট্টাচার্যের এই মন্তব্য নতুন মাত্রা যোগ করল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন