নজরবন্দি ব্যুরো: এপার বাংলার পঞ্চায়েত নির্বাচন নিয়ে ওপার বাংলার মন্ত্রীর মন্তব্য নতুন করে বিতর্ক তৈরি করল। কলকাতায় এসেছেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। সাংবাদিক সম্মেলনে ভারত-বাংলাদেশের সম্পর্ক নিয়ে কথা বলেন, একইসঙ্গে বাংলার পঞ্চায়েত নির্বাচন নিয়ে মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: নন্দীগ্রামের ঘটনা ভুলে গেছেন? বিধানসভায় ‘লোডশেডিং’ প্রসঙ্গ টেনে শুভেন্দুকে নিশানা মমতার
পঞ্চায়েত ভোট শেষ হলেও এখনও আলোচনা শেষ হয়নি। বঙ্গ রাজনীতির বিরোধী নেতারা সরব হয়েছে, এরইমাঝে বিতর্ক বাড়ালেন বাংলাদেশের মন্ত্রী। বৃহস্পতিবার কলকাতার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে পঞ্চায়েত ভোট প্রসঙ্গে হাসান মাহমুদ বলেন, “আপনাদের এখানে কদিন আগে স্থানীয় নির্বাচন হয়েছে। কী হয়েছে আপনারা জানেন। আর আমাদের ওখানে বরিশালে স্থানীয় নির্বাচনে এক প্রার্থীর গায়ে ঘুষি লেগেছে। যে ঘুষি মেরেছে, ঘুষি মারার সময় আশেপাশে যারা ছিল, সকলকে গ্রেফতার করা হয়েছে। কদিন আগে ঢাকা শহরে একটি উপনির্বাচন হয়েছে সেটিও অত্যন্ত সুষ্ঠভাবে হয়েছে। সকলে ভোট দিয়েছে।”

বাংলাদেশের নির্বাচন নিয়েই কথা বলছিলেন মাহমুদ। তিনি দাবি করেন, ওই দেশের নির্বাচন কমিশন স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করবে। এর প্রেক্ষিতেই পশ্চিমবঙ্গের ভোট প্রসঙ্গ উঠে আসে। ওপার বাংলার মন্ত্রীর এই মন্তব্যের পরই বিতর্ক সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই নানা সমালোচনা শুরু হয়ে গিয়েছে। তিনি আরও বলেছেন, “সম্প্রতি সংসদে আইন সংশোধন করা হয়েছে। তাতে কমিশন স্বাধীন শক্তিশালী সংস্থা হয়েছে। নির্বাচন কমিশন সরকারি দলকে তোয়াক্কা করে না।”

বাংলায় পঞ্চায়েত নির্বাচন নিয়ে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে। বিভিন্ন প্রান্ত থেকে হিংসার অভিযোগ সামনে এসেছে। বোমাবাজি, ছাপ্পা ভোট, ব্যালট ভাঙচুর, গুলি চালানোর ঘটনায় উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। মৃতের সংখ্যা পেরিয়েছে ৫০-এর গণ্ডি। বিরোধীদের অভিযোগ, ভোট হিংসায় দলের অনেক কর্মী ঘরছাড়া। ভোট পর্ব মিটলেও পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগছে। এসবের মাঝেই কলকাতায় এসে মন্তব্য করে বিতর্কে জড়ালেন হাসান মাহমুদ।
পঞ্চায়েত ভোট নিয়ে মন্তব্য, কলকাতায় এসে বিতর্কে জড়ালেন বাংলাদেশের মন্ত্রী




