ভোটে উত্তাপ চরমে: গুলশানে ভোট দিলেন তারেক, ‘রাতেই ছাপ্পা’ অভিযোগ হাসিনাপুত্র জয়ের

ভোটের দিনেই অভিযোগ আর পাল্টা বার্তায় উত্তপ্ত বাংলাদেশ। তারেক রহমানের ভোটদান, জয়ের কারচুপির অভিযোগ, গোপালগঞ্জে কম উপস্থিতি—বহু প্রশ্নে ঘেরা নির্বাচন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোর থেকেই উত্তেজনা, অভিযোগ আর রাজনৈতিক পাল্টাপাল্টি বার্তায় গরম হয়ে উঠেছে পরিস্থিতি। একদিকে প্রধান বিরোধী শিবিরের নেতাদের ভোটদান, অন্যদিকে ভোটে কারচুপির অভিযোগ তুলে সরব শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়—ভোটের দিনেই রাজনীতির ময়দান যেন আরও তপ্ত।

সকাল সাড়ে আটটার দিকে পঞ্চগড়-১ আসনের একটি কেন্দ্রে ভোট দেন ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী এবং এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। পঞ্চগড়ের আটোয়ারি উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বামনকুমার রাখালদেবী হাট উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি প্রশাসনের ভূমিকা নিয়ে কড়া বার্তা দেন। তাঁর মন্তব্য, প্রশাসন ব্যর্থ হলে কাউকে জয়ী হতে দেওয়া হবে না।

অন্যদিকে, ভোটে কারচুপির অভিযোগ তুলে সরব হয়েছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। তাঁর দাবি, রাতের অন্ধকারেই ব্যালটে ছাপ মারা হয়েছে এবং বিভিন্ন কেন্দ্রে রিগিং চলছে। এ ঘটনার জন্য তিনি জামাত-ই-ইসলামির সমর্থকদের দায়ী করেছেন।

সকাল ৯টা ৪০ মিনিট নাগাদ ঢাকার গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন বিএনপির চেয়ারম্যান ও খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। এবারের নির্বাচনে তিনি ঢাকা-১৭ এবং বগুড়া-৬—দুটি আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জামাতে ইসলামির আমির শফিকুর রহমান ভোট দেওয়ার পর বলেন, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি নতুন অধ্যায়ের সূচনা হোক। তিনি শান্তিপূর্ণ, সংঘাতমুক্ত ও গ্রহণযোগ্য নির্বাচনের আশা প্রকাশ করেন। পাশাপাশি তিনি জানান, বড় ধরনের অনিয়ম হলে তা মেনে নেওয়া হবে না।

এদিকে ‘আওয়ামী গড়’ বলে পরিচিত গোপালগঞ্জে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো কম। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অনেক কেন্দ্রে ভোটার নেই বললেই চলে। একাধিক কেন্দ্রে বিএনপি ছাড়া অন্য দলের এজেন্টও দেখা যায়নি। আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় এবং দলটির ভোট বর্জনের ডাকের প্রভাবেই এই পরিস্থিতি বলে মনে করা হচ্ছে।

ঠাকুরগাঁওয়ের একটি কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে ঢাকার একটি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন জামাতের আমির শফিকুর রহমান।

সিরাজগঞ্জের রায়গঞ্জে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চারজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় একটি ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসারকেও প্রত্যাহার করা হয়েছে।

ঢাকা-১১ আসনের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ভোট দেওয়ার পর বলেন, সুষ্ঠু নির্বাচন হলে তাঁরাই জিতবেন বলে তিনি আশাবাদী। তবে জনগণের রায় যাই হোক, তা মেনে নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

এবার দেশের ২৯৯টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। মোট ১২ কোটিরও বেশি ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচনে অংশ নিয়েছে ৫০টি রাজনৈতিক দল এবং লড়ছেন দুই হাজারেরও বেশি প্রার্থী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন