ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর জবাবে বড় বড় হুঁশিয়ারি দিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বলেছিলেন, জঙ্গিদের রক্তের প্রতিটি ফোঁটার বদলা নেওয়া হবে। কিন্তু বাস্তবে পাকিস্তানের নিজের ঘরই ভেঙে পড়ছে। দেশের ভিতরেই ভয়াবহ সন্ত্রাস ছড়িয়ে দিয়েছে বালোচ লিবারেশন আর্মি (Baloch Liberation Army – BLA)।
মঙ্গলবার বালোচিস্তানের মাচ এলাকায় ভয়ংকর আইইডি বিস্ফোরণে পাক সেনার গাড়ি উড়ে যায়। বালোচ লিবারেশন আর্মির স্পেশাল ট্যাকটিক্যাল অপারেশনস স্কোয়াড এই বিস্ফোরণ ঘটায়। হামলায় নিহত হন অন্তত ১২ জন পাক সেনা, যাদের মধ্যে ছয়জন ছিলেন মেজর পদমর্যাদার। বিস্ফোরণের দৃশ্য ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যায় সেনার দেহ ছিন্নভিন্ন হয়ে বাতাসে উড়ে যাচ্ছে।
পাকিস্তানি সেনাও হামলার সত্যতা স্বীকার করে নিয়েছে। যদিও তারা বলছে, নিহতের সংখ্যা ৮। বিস্ফোরণ হয় বোলানের আমির পোস্ট ও আলি খান বেসের মাঝামাঝি অঞ্চলে, যখন সেনাবাহিনী তল্লাশি অভিযান চালাচ্ছিল।
এই হামলায় নিহত হয়েছে পাক সেনার কমান্ডার তারেক ইমরান। এর মাত্র দু’দিন আগেই বালোচ লিবারেশন আর্মি হত্যা করেছিল আরেক পাক অফিসার আমজাদ আবাবাকিকে।
গত কয়েক মাসে বালোচিস্তানে BLA-র লাগাতার আক্রমণে নাজেহাল পাকিস্তান সেনা। ট্রেন অপহরণ থেকে কনভয় হামলা— একের পর এক আঘাত করছে এই বিদ্রোহী গোষ্ঠী। সব মিলিয়ে দেশের ভিতরেই ভয়াবহ নিরাপত্তাহীনতার মুখে পড়েছে ইসলামাবাদ।



