বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে উত্তপ্ত হয়ে উঠল হাওড়ার বাগনান এলাকা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এক বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে উত্তপ্ত হয়ে উঠল হাওড়ার বাগনান এলাকা। বুধবার দুপুরের পর তাঁর মৃত্যুর খবর আসতেই এলাকার ঘরবাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ করার পাশাপাশি দফায় দফায় জাতীয় সড়ক অবরোধে নামে বিজেপি সমর্থকেরা। সন্ধে নামলেও এখনও অবরুদ্ধ জাতীয় সড়কের বেশ কয়েকটি জায়গা। এমনকি দলীয় কর্মীর মৃত্যুর প্রতিবাদে বৃহস্পতিবার ১২ ঘণ্টা বাগনান বনধের ডাক দিয়েছে বিজেপি।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির নাম কিঙ্কর মাঝি (৪২)। এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, বাগনান এলাকায় বিজেপির প্রমূখ ছিলেন কিঙ্কর। তাঁর বাড়ির লোকের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই বিজেপি করা যাবে না বলে স্থানীয় তৃণমূল কর্মীরা হুমকি দিচ্ছিল কিঙ্করকে। এরপর অষ্টমীর দিন হাওড়া থেকে ফুল বিক্রি করে ফেরার সময় বাগনানে তাঁর বাড়ির একদম কাছে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। পেটে গুলি লাগে তাঁর।

কিঙ্করের আর্ত চিত্‍কার শুনে ছুটে আসেন এলাকার লোকজন ও তাঁর পরিবারের সদস্যরা। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। সেখানকার ডাক্তাররা তাঁকে কলকাতার হাসপাতালে পাঠিয়ে দেন। কলকাতায় এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ওই বিজেপি কর্মীকে। পেটে অস্ত্রোপচারও করা হয়। কিন্তু সারিয়ে তোলা যায়নি। বুধবার বেলা সাড়ে তিনটে নাগাদ মারা যান তিনি। তাঁর মৃত্যুর খবর এসে পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন বাগনানের বাসিন্দারা। এরপর বাগনান সংলগ্ন বেনাপুর গ্রামে ওই বিজেপি কর্মীর বাড়ির এলাকায় মিছিল ও অবরোধ শুরু করেন বিজেপির নেতা কর্মীরা।

স্থানীয় তৃণমূল নেতা নন্দ মাঝির বাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বিকেল নাগাদ বাগনান থেকে বেনাপোল যাওয়ার রাস্তায় শুরু হয় অবরোধ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ। এরপর লাঠিচার্জ করে অবরোধ তুলে দেয়। তারপরেই অবরোধ শুরু হয় ১৬ নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায়। বাগনান থানা ঘেরাওয়ের চেষ্টা করা হয় বলেও অভিযোগ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত