“খেলতেই হবে, না হলে সরে দাঁড়াক!”—ধোনিকে নিয়ে কড়া বার্তা অশ্বিনের

ধোনিকে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ করার বিরোধিতা অশ্বিনের। দলে থাকলে প্রথম একাদশে খেলতেই হবে, না হলে আইপিএল থেকে সরে দাঁড়ানোর পরামর্শ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আইপিএল শুরুর আগেই বিতর্ক তুঙ্গে! মহেন্দ্র সিংহ ধোনি-কে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে দেখার জল্পনার মাঝেই কড়া অবস্থান নিলেন রবিচন্দ্রন অশ্বিন। সাফ বার্তা—দলে থাকলে খেলতেই হবে, না হলে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোই ভালো। প্রাক্তন সতীর্থের এই মন্তব্য ঘিরে ক্রিকেটমহলে শুরু হয়েছে জোর আলোচনা।

চলতি আইপিএল মরসুমে মহেন্দ্র সিংহ ধোনি-র ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে। অনেকেই মনে করছেন, তাঁকে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে ব্যবহার করতে পারে চেন্নাই সুপার কিংস। কিন্তু সেই ধারণা একেবারেই মানতে নারাজ রবিচন্দ্রন অশ্বিন

নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন স্পষ্ট বলেছেন, “ধোনিকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে রাখা উচিত নয়। যদি দলে থাকে, তা হলে ওকে খেলতেই হবে। আর যদি সেটা না চায়, তা হলে আইপিএল থেকেই সরে দাঁড়ানো উচিত।”

অশ্বিনের মতে, ধোনির উপস্থিতিই প্রথম একাদশে জায়গা পাওয়ার জন্য যথেষ্ট। তাঁর বিশ্বাস, এখনও পুরো ম্যাচ খেলার ক্ষমতা রয়েছে ধোনির। তিনি বলেন, “সিএসকে দল বাছতে বসলে ধোনি দলে থাকলেই ওকে প্রথম একাদশে রাখতে হবে। খেলতে না চাইলে অবসর নিতে পারে, কিন্তু আমি নিশ্চিত—ও খেলবে।”

প্রাক্তন ভারতীয় স্পিনার আরও জানান, গত কয়েক মাস ধরে নিয়মিত অনুশীলন করছেন ধোনি এবং নিজেও খেলতে আগ্রহ প্রকাশ করেছেন। তাই তাঁকে বাদ দেওয়া প্রায় অসম্ভব বলেই মত অশ্বিনের।

তবে ব্যাটিং পজিশন নিয়ে বাস্তবতাও তুলে ধরেছেন তিনি। অশ্বিনের মতে, ছ’নম্বরে ব্যাট করা ধোনির পক্ষে কঠিন হতে পারে। কিন্তু মাঠে নেমে তিনি দ্বৈত ভূমিকা নিতে পারেন—উইকেটকিপার হিসেবে খেলার পাশাপাশি অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়-কে কৌশলগত পরামর্শ দিতে পারেন।

সব মিলিয়ে, ধোনিকে ঘিরে আইপিএল শুরুর আগেই তৈরি হয়েছে নতুন বিতর্ক। শেষ পর্যন্ত মাঠে কী ভূমিকা নেন ‘ক্যাপ্টেন কুল’, সেদিকেই এখন নজর ক্রিকেটপ্রেমীদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত