দায়িত্ব নিয়েই রেশন দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান নিলেন রাজ্যের নতুন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। খাদ্য দফতরের দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার খাদ্যভবনে সাংবাদিক বৈঠক করে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, দুর্নীতির সঙ্গে যুক্ত কাউকেই রেয়াত করা হবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোগান তুলে তাঁর হুঁশিয়ারি, “না খাউঙ্গা, না কিসি কো খানে দুঙ্গা।” একইসঙ্গে সাত দিনের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপের ইঙ্গিতও দিয়েছেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, “আপনারা আমাকে এক সপ্তাহ সময় দিন। যাঁদের মাধ্যমে এই দুর্নীতি হয়েছে, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।”


জুন থেকে ‘উৎকৃষ্ট’ রেশন সামগ্রী
রেশন ব্যবস্থার মান নিয়েও বড় ঘোষণা করেছেন অশোক কীর্তনিয়া। তাঁর দাবি, মে মাসে কিছু প্রযুক্তিগত সমস্যা থাকলেও জুন মাস থেকে সাধারণ মানুষ উন্নত মানের খাদ্যসামগ্রী পাবেন।
খাদ্যমন্ত্রীর কথায়, রেশন ব্যবস্থাকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করাই এখন সরকারের প্রধান লক্ষ্য।
রেশন কার্ড ও নাগরিকত্ব নিয়ে বড় বার্তা
রেশন কার্ড ও নাগরিকত্ব প্রসঙ্গেও স্পষ্ট অবস্থান নিয়েছেন তিনি। অশোক কীর্তনিয়া বলেন, “ভারতবর্ষের নাগরিক নন, এমন কেউ সরকারি সুবিধা পাবেন না।”


একইসঙ্গে যাঁরা সিএএ-তে আবেদন করেছেন, তাঁরা সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা পাবেন বলেও জানান তিনি। এখনও আবেদন না করা ব্যক্তিদের দ্রুত আবেদন করার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী।
‘রাজনৈতিক নেতা-অফিসার কাউকেই ছাড়া হবে না’
দুর্নীতির বিরুদ্ধে আরও কড়া সুরে অশোক বলেন, শুধু রাজনৈতিক নেতারাই নন, যাঁরা প্রশাসনিক স্তরে দুর্নীতিতে সাহায্য করেছেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
তাঁর কথায়, “রাজনৈতিক নেতারা দুর্নীতি করেছেন, তাঁদের সাহায্য করেছেন যাঁরা, তাঁদের কি ছেড়ে দেব? ওতটা ভাল মানুষ আমি নই।”
সুজিত বসু প্রসঙ্গেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য
এই প্রসঙ্গে তিনি নাম না করে আরও গ্রেফতারির ইঙ্গিতও দেন। সুজিত বসুর গ্রেফতারি প্রসঙ্গে প্রশ্ন করা হলে অশোক কীর্তনিয়া বলেন, “আরও হবে, দেখতে থাকুন।”
ফলে নতুন সরকারের খাদ্য দফতরে দুর্নীতিবিরোধী অভিযান কতটা জোরদার হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।







