মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ অনুষ্ঠানে অভিনেত্রী সৌমিলি বিশ্বাস-এর উপস্থিতি ঘিরে জল্পনা ছড়িয়েছিল রাজনৈতিক মহলে। অনেকেই মনে করেছিলেন, হয়তো এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন তিনি। তবে সেই সমস্ত জল্পনায় কার্যত জল ঢেলে স্পষ্ট জানিয়ে দিলেন সৌমিলি— রাজনীতিতে যোগ দেওয়ার কোনও পরিকল্পনাই তাঁর নেই।
৯ মে ব্রিগেডে অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠানে সৌমিলিকে দেখা যাওয়ার পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয় আলোচনা। সেই প্রসঙ্গেই মুখ খুলেছেন অভিনেত্রী।


তিনি বলেন, “না, একেবারেই রাজনীতিতে যোগ দেওয়ার কোনও পরিকল্পনা নেই। তবে আমরা সবাই চাই ভাল কিছু হোক।”
‘ইন্ডাস্ট্রির একটা অংশকে ভুগতে হয়েছে’
সৌমিলির বক্তব্যে উঠে এসেছে টলিউডের বর্তমান পরিস্থিতির কথাও। অভিনেত্রীর দাবি, গত কয়েক বছরে রাজনৈতিক অবস্থানের কারণে ইন্ডাস্ট্রির একাংশ সমস্যার মুখে পড়েছিলেন।
তাঁর কথায়, “যাঁরা কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না বা তৃণমূলের পাশে থাকেননি, তাঁদের অনেক কিছু নিয়ে ভুগতে হয়েছে। আশা করি নতুন সরকার আসার পরে শিল্পীরা স্বস্তি পাবেন।”


তিনি আরও বলেন, শিল্পীদের কাজের উপর যেন রাজনৈতিক প্রভাব না পড়ে, সেটাই তিনি চান।
‘উপস্থিতি মানেই রাজনীতি নয়’
ব্রিগেডে উপস্থিত থাকা নিয়ে সমালোচনার প্রসঙ্গেও প্রতিক্রিয়া দিয়েছেন সৌমিলি। অভিনেত্রীর বক্তব্য, “আমরা পরিচিত মুখ বলেই হয়তো এত আলোচনা হচ্ছে। কেউ নেতিবাচক ভাবে দেখতেই পারেন, সেটা তাঁদের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি।”
রাজনৈতিক মঞ্চে আগ্রহ নেই
সৌমিলি জানিয়েছেন, অতীতেও বিভিন্ন রাজনৈতিক প্রচারে যোগ দেওয়ার প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু নৈতিক কারণে তিনি সেগুলি এড়িয়ে গিয়েছেন।
ভবিষ্যতেও সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার কোনও ইচ্ছা নেই বলেই জানিয়েছেন অভিনেত্রী। তবে শিল্পী হিসেবে কোনও সাংস্কৃতিক বা বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকতে আপত্তি নেই তাঁর।
তাঁর স্পষ্ট বক্তব্য, “নির্বাচনী প্রচার বা রাজনৈতিক মঞ্চে থাকার কোনও বাসনা এই মুহূর্তে নেই।”







