নজরবন্দি ব্যুরোঃ আশাকর্মীদের জন্য আশার খবর, এবার বেতনের সাথে মিলবে অতিরিক্ত রোজগার। রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতর এই সুখবর দিয়েছে। এবার থেকে বাড়ি বাড়ি গিয়ে জল পরীক্ষার জন্য আশাকর্মীদের ১০০ টাকা করে দেওয়া হবে। বাড়ি বাড়ি সরবরাহ করা জল কতটা পরিস্রুত তা জানার জন্য দুয়ারে দুয়ারে গিয়ে জল পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে জনস্বাস্থ্য কারিগরি দফতর। সেই প্রকল্পেই এবার থেকে কাজ করবেন আশা কর্মীরা।
আরও পড়ুনঃ কার্শিয়াংয়ের রাস্তায় বসেই চায়ে চুমুক মমতার, গান গাইলেন ইন্দ্রনীল, তাল দিলেন অরূপ!
জনস্বাস্থ্য কারিগরি দফতর সূত্রে খবর, সম্প্রতি কামারহাটি পুরসভার অন্তর্গত কয়েকটি এলাকায় জলবাহিত রোগের দেখা মিলেছে। হচ্ছে ডায়েরিয়ার মত একাধিক অসুখ। সেই কারনেই নড়ে চড়ে বসেছে দফতর। অভিযোগ উঠেছে তাঁদের পাঠানো জল থেকেই ছড়াচ্ছে ডায়েরিয়া। তাই যে সব এলাকায় জনস্বাস্থ্য কারিগরি জল সরবরাহ করে থাকে সেই সব এলাকা থেকে জল সংগ্রহ করে নমুনা পরীক্ষা করা হবে।
যদিও জনস্বাস্থ্য কারিগরি দফতর মাঝেমধ্যেই জল পরীক্ষা করে। তাঁদের হাতে রয়েছে প্রায় ২১৭টি ল্যাবরেটারি। কিন্তু সাধারণভাবে জলের রিপোর্ট পেতে অনেকটা সময় লেগে যায়। কারন বাড়ি বাড়ি জল সংগ্রহ করে পরীক্ষাগারে পৌঁছে দেওয়ার জন্য পঞ্চায়েত থেকে কর্মীও সময়মতো পাওয়া যায় না। তাই এবার দুয়ারে গিয়ে জল পরীক্ষার ব্যবস্থা করছে রাজ্য সরকার। আর সেই কাজ করবেন রাজ্যের আশা কর্মীরা।
আশাকর্মীদের জন্য আশার খবর, বেতনের সাথে অতিরিক্ত রোজগারের ব্যাবস্থা করল রাজ্য।

জানা গিয়েছে, জল পরীক্ষার জন্য আশাকর্মীদের কিট দেওয়া হবে। দিনে যে ক’টি কিট ব্যবহার করবেন সেই কিট পিছু আশা কর্মীরা ১০০ টাকা করে পাবেন। যদি কোনও আশা একদিনে ১০টি কিট ব্যবহার করেন তাহলে তিনি এক হাজার টাকা পাবেন। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সঙ্গে স্বাস্থ্য দপ্তরের কথা হয়ে গিয়েছে ইতিমধ্যেই।
এই বিষয়ে জনস্বাস্থ্য কারিগরিমন্ত্রী পুলক রায় বলেন, “জলে দূষণ হচ্ছে কি না, আর্সেনিক কিংবা কলিফর্ম জাতীয় কিছু রয়েছে কি না তা পরীক্ষা করতে আশাকর্মীদের নিয়োগ করা হচ্ছে। আশাকর্মীরা গ্রামের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য নিতে বাড়ি বাড়ি যান। সেই সময়ই বাড়ির জলও পরীক্ষা করতে পারবেন। যদি কোনও বাড়ির জলে দূষণ মেলে তাহলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। এই কাজের জন্য আশাদের প্রশিক্ষণ দেওয়া হবে। বাড়ি বাড়ি জল পরীক্ষার জন্য আশারা পারিশ্রমিকও পাবেন।”



