ট্রাম্পের রিসর্টে সশস্ত্র অনুপ্রবেশের চেষ্টা, গুলিতে নিহত যুবক! ফের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন আমেরিকায়

ফ্লোরিডার মার-এ-লাগো রিসর্টে শটগান হাতে অনুপ্রবেশের চেষ্টা ঘিরে চাঞ্চল্য। নিরাপত্তারক্ষীর গুলিতে নিহত ২০ বছরের যুবক, তদন্তে নেমেছে মার্কিন সিক্রেট সার্ভিস।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে আবারও নিরাপত্তা উদ্বেগ। ফ্লোরিডার বিখ্যাত মার-এ-লাগো রিসর্টে অস্ত্র হাতে এক যুবকের অনুপ্রবেশের চেষ্টা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা আমেরিকায়। নিরাপত্তারক্ষীদের সতর্কবার্তা উপেক্ষা করায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় সন্দেহভাজন ব্যক্তির। ট্রাম্প তখন রিসর্টে উপস্থিত না থাকলেও ঘটনাটি প্রেসিডেন্টের নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।

মার্কিন সিক্রেট সার্ভিস সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোররাতে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে অবস্থিত মার-এ-লাগো রিসর্টের উত্তর গেটে প্রথম সন্দেহজনক গতিবিধি নজরে আসে। স্থানীয় সময় রাত প্রায় ১টা ৩০ মিনিট নাগাদ নিরাপত্তারক্ষীরা এক সশস্ত্র ব্যক্তিকে রিসর্টে প্রবেশের চেষ্টা করতে দেখেন।

প্রাথমিক তদন্তে জানা যায়, ওই ব্যক্তির হাতে একটি শটগান ছিল এবং সঙ্গে ছিল একটি ফুয়েল ক্যান। নিরাপত্তারক্ষীরা তাকে থামার নির্দেশ দিলেও তিনি তা অমান্য করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় গুলি চালান নিরাপত্তাকর্মীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের।

সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি জানিয়েছেন, নিহত ব্যক্তি উত্তর ক্যারোলিনার ২০ বছর বয়সি বাসিন্দা। পরিবার সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরেই তিনি নিখোঁজ ছিলেন। যুবকের গাড়ি থেকে একটি বন্দুকের বাক্স উদ্ধার করেছে তদন্তকারীরা।

ঘটনার সময় প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াশিংটনের হোয়াইট হাউসে ছিলেন বলে জানা গিয়েছে। তবে সংবাদ সংস্থার দাবি, শনিবার রাতে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প মার-এ-লাগো রিসর্টেই অবস্থান করছিলেন।

কেন ওই যুবক অস্ত্র নিয়ে রিসর্টে প্রবেশের চেষ্টা করেছিলেন, তার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মার্কিন আইনপ্রয়োগকারী সংস্থাগুলি। নিরাপত্তা ব্যবস্থায় কোনও ফাঁক ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত