রাশিয়া থেকে বিষাক্ত কেমিক্যাল এনে খুনের চক্রান্ত করেছে সি আই ডি, অর্জুনের অভিযোগে তোলপাড় বঙ্গ রাজনীতি

বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি, শুভেন্দু অধিকারী এবং আমাকে খুনের চক্রান্ত চলছে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক উসকে দিলেন বিজেপি নেতা অর্জুন সিং। বৃহস্পতিবার সিআইডি দফতরে হাজিরা দেওয়ার আগে তিনি দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শুভেন্দু অধিকারী এবং তাঁকে খুনের পরিকল্পনা করছে। অর্জুনের মতে, রাশিয়া থেকে চোরা পথে এক বিশেষ ধরনের বিষাক্ত রাসায়নিক এনে এই কাজটি করা হচ্ছে। এই কেমিক্যালটি শরীরে স্পর্শ করলে কয়েক মাসের মধ্যে মাল্টি অর্গান ফেলিওর হয়ে মৃত্যু হতে পারে। এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সিআইডি দফতরে প্রবেশের আগে সাংবাদিকদের অর্জুন সিং বলেন, ‘‘বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি, শুভেন্দু অধিকারী এবং আমাকে খুনের চক্রান্ত চলছে। এই কেমিক্যালটির সংস্পর্শে আসলে এটি শরীরে বিষক্রিয়া তৈরি করে কয়েক মাসের মধ্যে মৃত্যুর কারণ হতে পারে। আমাদেরকে প্রতারণার মামলায় জড়িয়ে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।’’

অর্জুন সিংয়ের এই অভিযোগের পর রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, রাশিয়ার গোপন হত্যা কৌশল সম্পর্কে অতীতেও অভিযোগ উঠেছে। ২০০৬ সালে ব্রিটেনে আশ্রয় নেওয়া সাবেক রুশ গোয়েন্দা কর্মকর্তা আলেকজান্ডার লিৎভেনেনকোকে পোলোনিয়াম-২১০ নামক তেজষ্ক্রিয় কেমিক্যাল প্রয়োগে হত্যা করা হয়। এ বিষয়টি রুশ গোয়েন্দা সংস্থা KGB-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনে।

এই বিষয়ে বিজেপির অনেক নেতাই সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন। তারা অর্জুনের অভিযোগের সঠিক তদন্ত দাবি করেছেন। অন্যদিকে, তৃণমূলের দাবি, এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।

এই অভিযোগকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি এখন উত্তপ্ত। আগামীতে এই বিষয়টি সঠিকভাবে তদন্ত হবে কিনা, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে, বিজেপি নেতার এমন অভিযোগে জনমানসে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর