কেন হঠাৎ প্লেব্যাক থেকে সরে এলেন অরিজিৎ? নিজেই ভাঙলেন নীরবতা

প্লেব্যাক থেকে সরে যাওয়ার সিদ্ধান্তের নেপথ্যে একাধিক কারণের কথা জানালেন অরিজিৎ সিং। ক্লান্তি, নতুন সঙ্গীতের খোঁজ আর শেখার ইচ্ছাই তাঁর নতুন পথচলার মূল কারণ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মঙ্গলবার সন্ধ্যায় আচমকাই গোটা বিনোদন জগৎকে চমকে দিয়েছিলেন তিনি। ঘোষণা করেছিলেন—আর কোনও সিনেমায় প্লেব্যাক গাইবেন না। তারপর থেকেই একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল টিনসেল টাউন থেকে আসমুদ্রহিমাচল—কেন? মাত্র ৩৮ বছর বয়সে কেন এমন সিদ্ধান্ত নিলেন সময়ের সবচেয়ে জনপ্রিয় কণ্ঠ, অরিজিৎ সিং? গুঞ্জন ছিল, জল্পনা ছিল। কিন্তু সব কিছুর ইতি টেনে অবশেষে নিজেই মুখ খুললেন গায়ক।

ব্যক্তিগত এক্স (প্রাক্তন টুইটার) অ্যাকাউন্টে অরিজিৎ সিং স্পষ্ট জানিয়ে দেন, এই সিদ্ধান্তের পিছনে কোনও একক কারণ নেই। তাঁর কথায়,
“কেবল একটা নয়, একাধিক কারণ রয়েছে। আমি বেশ কিছুদিন ধরেই বিষয়গুলো নিয়ে ভেবেছি। অবশেষে প্রয়োজনীয় সাহস সঞ্চয় করতে পেরেছি।”

অরিজিতের ব্যাখ্যায় উঠে এসেছে তাঁর শিল্পীসত্তার গভীর সংকট ও অনুসন্ধানের কথা। তিনি লিখেছেন,
“একটি কারণ খুবই সহজ। আমি খুব দ্রুত আগ্রহ হারিয়ে ফেলি। তাই আমার গানের সুরের বিন্যাস বারবার বদলাই, লাইভে তা পরিবেশন করি। সত্যিটা হল—আমি ক্লান্ত হয়ে পড়েছি। নিজেকে বিকশিত করতেই আমাকে ভিন্ন ধরনের সঙ্গীত অন্বেষণ করতে হবে।”

তবে এখানেই শেষ নয়। অরিজিতের মতে, এই সিদ্ধান্তের আরেকটি বড় কারণ হল নতুন প্রজন্মের শিল্পীদের প্রতি তাঁর কৌতূহল। তিনি লিখেছেন,
“আরেকটি কারণ হল সেই সব নতুন গায়কদের গান শোনার আগ্রহ, যাঁরা আমাকে সত্যিই অনুপ্রাণিত করতে পারেন।”

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে অরিজিৎ একেবারে স্পষ্ট করে দিয়েছেন—এটা অবসর নয়, বরং পথ বদল। তিনি বলেন,
“আমি সত্যিই ধন্য। আমি সঙ্গীতের একজন ভক্ত। ভবিষ্যতে একজন ছোট শিল্পী হিসেবে আরও শেখা এবং স্বাধীনভাবে গান তৈরির দিকেই মন দেব। কিছু অসম্পূর্ণ প্রতিশ্রুতি এখনও বাকি আছে, সেগুলো পূরণ করব। তাই এই বছর হয়তো আপনারা আমার আরও কিছু নতুন কাজ দেখতে পাবেন। আমি গান তৈরি করা বন্ধ করছি না।”

২০০৫ সালে ‘ফেম গুরুকুল’-এর মঞ্চে প্রথম নজরে এসেছিলেন অরিজিৎ। প্রতিযোগিতায় জয় না পেলেও সেখান থেকেই শুরু হয়েছিল তাঁর দীর্ঘ লড়াই। পরবর্তী দুই দশকে বলিউডের পুরুষ প্লেব্যাক জগতে কার্যত একচ্ছত্র আধিপত্য কায়েম করেছিলেন তিনি। সেই অরিজিৎই মঙ্গলবার সন্ধ্যায় লিখেছিলেন,
“সকলকে নতুন বছরের শুভেচ্ছা। শ্রোতা হয়ে আমাকে এত বছর ভালোবাসার জন্য ধন্যবাদ। আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, এখন থেকে আর নতুন কোনও কাজ করব না প্লেব্যাক গায়ক হিসেবে। যাত্রাটা সত্যিই সুন্দর ছিল।”

এই ঘোষণার পর কার্যত স্তব্ধ সংগীত জগৎ। এখন দেখার, প্লেব্যাকের বাইরে অরিজিতের এই নতুন অধ্যায় কোন পথে এগোয়, আর তাঁর সৃষ্টিশীলতার নতুন সুর কীভাবে শ্রোতাদের ছুঁয়ে যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন