নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলার মহিলাদের জন্য বড় আর্থিক সহায়তার ঘোষণা করেছে নতুন রাজ্য সরকার। ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩০০০ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের এই প্রকল্প ঘিরে ইতিমধ্যেই রাজ্যজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন— কারা এই সুবিধা পাবেন, কীভাবে আবেদন করতে হবে এবং কী কী নথি লাগবে? সেই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যই এবার সামনে এল।
সরকারি সূত্রে জানা গিয়েছে, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প মূলত মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করার লক্ষ্য নিয়েই আনা হচ্ছে। বর্তমান লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জায়গায় এই নতুন প্রকল্প কার্যকর হতে পারে বলেও প্রশাসনিক মহলে জোর জল্পনা রয়েছে।


কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা?
প্রাথমিকভাবে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের স্থায়ী মহিলা বাসিন্দারাই এই প্রকল্পের আওতায় আসবেন। বিশেষ করে নিম্ন আয়ের পরিবার এবং অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির (EWS) মহিলাদের জন্যই এই প্রকল্প তৈরি করা হয়েছে।
সরকারি সূত্র অনুযায়ী সম্ভাব্য যোগ্যতার তালিকায় রয়েছে—
- আবেদনকারীকে অবশ্যই মহিলা হতে হবে
- পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
- বয়স ২৫ বছরের বেশি হতে হবে
- বিপিএল, এএওয়াই বা পিএইচএইচ রেশন কার্ড থাকতে হবে
- নির্ধারিত বার্ষিক আয়সীমার মধ্যে থাকতে হবে

কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না?
প্রশাসনিক সূত্রে ইঙ্গিত, কিছু শ্রেণির আবেদনকারী এই প্রকল্পের আওতার বাইরে থাকতে পারেন। যেমন—


- স্থায়ী বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী
- নির্ধারিত আয়সীমার বাইরে থাকা পরিবার
- পশ্চিমবঙ্গের বাইরে বসবাসকারী ব্যক্তি
কীভাবে আবেদন করবেন অন্নপূর্ণা ভাণ্ডারে?
এখনও পর্যন্ত সরকার আনুষ্ঠানিক আবেদন পোর্টাল চালু করেনি। তবে অনলাইন এবং অফলাইন— দুইভাবেই আবেদন গ্রহণ করা হতে পারে বলে জানা যাচ্ছে।
অফলাইনে আবেদন করতে হলে নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্প, ব্লক অফিস, পৌরসভা অফিস বা নির্ধারিত পরিষেবা কেন্দ্রে যেতে হবে। সেখান থেকে আবেদনপত্র সংগ্রহ করে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।
অন্যদিকে অনলাইন আবেদন চালু হলে সরকারি পোর্টালে গিয়ে মোবাইল নম্বর ও OTP দিয়ে লগইন করে আবেদনপত্র পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় নথি আপলোড করে আবেদন জমা দেওয়া যাবে।
আবেদন করতে কী কী নথি লাগবে?
অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করতে সম্ভাব্য যে নথিগুলি প্রয়োজন হতে পারে, সেগুলি হল—
- আধার কার্ড
- ভোটার কার্ড
- রেশন কার্ড
- ব্যাঙ্ক পাসবুক বা অ্যাকাউন্ট স্টেটমেন্ট
- আয় শংসাপত্র
- ঠিকানার প্রমাণপত্র
- পাসপোর্ট সাইজ ছবি
কবে থেকে শুরু হবে প্রকল্প?
১ জুন ২০২৬ থেকেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালুর পরিকল্পনা রয়েছে। নবনির্বাচিত সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। তবে এখনও পর্যন্ত সরকারিভাবে পূর্ণাঙ্গ ওয়েবসাইট বা আবেদন পদ্ধতি ঘোষণা করা হয়নি। তাই প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে শুধুমাত্র সরকারি বিজ্ঞপ্তি এবং অনুমোদিত পোর্টালের উপর নির্ভর করার পরামর্শ দেওয়া হয়েছে। ভুয়া ওয়েবসাইট বা প্রতারণা থেকে সতর্ক থাকার কথাও বলা হয়েছে।







