দিল্লিতে বসে শাহর নজরদারি, বাংলার ফলাফলে ‘মিনিট টু মিনিট’ পৌঁছে যাচ্ছে তাঁর কাছে

সল্টলেক কন্ট্রোল রুম থেকে দিল্লিতে সরাসরি রিপোর্ট, গণনার প্রতিটি মুহূর্তে নজর রাখছেন অমিত শাহ—বাড়ছে রাজনৈতিক উত্তেজনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বাংলার ভোটগণনা যত এগোচ্ছে, ততই বাড়ছে উত্তেজনা—আর সেই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে এবার দিল্লির কন্ট্রোল রুম। সূত্রের খবর, সকাল থেকেই রাজধানীতে বসে প্রতিটি মুহূর্তের আপডেট নজরে রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমিত শাহ। সল্টলেকের পার্টি কন্ট্রোল রুম থেকে সরাসরি ‘মিনিট টু মিনিট’ রিপোর্ট পৌঁছে যাচ্ছে তাঁর কাছে।

সোমবার ফলতা বাদ দিয়ে রাজ্যের ২৯৩টি বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে গণনা। প্রাথমিক ট্রেন্ডে দেখা যাচ্ছে, তৃণমূলএগিয়ে রয়েছে ৮৭টি আসনে, আর বিজেপি এগিয়ে ১০০টি আসনে। বাম ও কংগ্রেস একটি করে আসনে লিডে। তবে এই হিসাব প্রতি মুহূর্তেই বদলাচ্ছে, ফলে পরিস্থিতির উপর কড়া নজর রাখছে দুই শিবিরই।

জানা গিয়েছে, কলকাতার সল্টলেকে বিজেপির কন্ট্রোল রুম থেকে রাজ্যের প্রতিটি আসনের আপডেট সংগ্রহ করা হচ্ছে। কোন কেন্দ্রে কে এগিয়ে, কতটা ব্যবধানে—সব তথ্য তাৎক্ষণিকভাবে পাঠানো হচ্ছে দিল্লিতে বসে থাকা শীর্ষ নেতৃত্বের কাছে। কেন্দ্রীয় পর্যবেক্ষকরাই এই রিপোর্ট সরাসরি শাহর কাছে পৌঁছে দিচ্ছেন।

এবারের বিধানসভা নির্বাচন বিজেপির কাছে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রচারে নিজেই প্রায় দুই সপ্তাহ রাজ্যে কাটিয়েছেন অমিত শাহ—একাধিক জনসভা, রোড শো এবং সাংগঠনিক বৈঠকের মাধ্যমে কর্মীদের উজ্জীবিত করেছেন। ফলে ফলাফল নিয়ে দলের ভিতরে যেমন প্রত্যাশা, তেমনই রয়েছে চাপা উত্তেজনাও।

গণনার আগেই প্রস্তুতি ছিল জোরকদমে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিভিন্ন স্তরে বৈঠক করে কাউন্টিং এজেন্ট থেকে শুরু করে প্রার্থী—সবাইকে নির্দিষ্ট দায়িত্ব বুঝিয়ে দিয়েছে। মালদহ, শিলিগুড়ি ও কলকাতায় দফায় দফায় বৈঠক করেছেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও সেই বৈঠকে উপস্থিত ছিলেন। গণনার দিন কীভাবে কাজ করতে হবে, তার জন্য আলাদা করে প্রশিক্ষণও দেওয়া হয়েছে কর্মীদের।

সব মিলিয়ে, বাংলার ভোটফল শুধু রাজ্যেই নয়, দিল্লিতেও সমান গুরুত্ব পাচ্ছে। এখন দেখার—এই নিবিড় নজরদারি শেষ পর্যন্ত বিজেপির পক্ষে ফল আনে, নাকি তৃণমূল ফের নিজেদের ঘাঁটি অটুট রাখে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত