নজরবন্দি ব্যুরোঃ নতুন জেলা থেকে এইমস তৈরি, একগুচ্ছ প্রতিশ্রুতি নিয়ে গোসাবায় প্রচারে অমিত শাহ। নির্বাচনের আগে আজ একদিকে পুরুলিয়ায় প্রচারে ঝড় তুলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে তৃণমূলের শক্ত ঘাঁটি দক্ষিন চব্বিশ পরগনার গোসাবায় একগুচ্ছ প্রতিশ্রুতি নিয়ে হাজির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ নির্বাচনের আগে প্রচারে গিয়ে অমিত ঘোষণা করেন বিজেপি ভোটে জিতলে সুন্দরবনকে পৃথক জেলা করা হবে।
আরও পড়ুনঃ হামলা তৃণমূল প্রার্থীর গাড়িতে, ভাঙা হচ্ছে সমর্থকদের টোটো, অভিযোগের আঙুল BJP’র দিকে।


এছাড়াও ২৪ পরগনায় এইমস গড়ার কথাও বলেন তিনি। এদিন সভা থেকে অমিত বলেন ‘দিদি বলেছিলেন, সুন্দরবনকে পৃথক জেলা করবেন? করেছেন কি?’ এরপরেই তিনি বলেন, ‘ভারতীয় জনতা পার্টির সরকার হলে, এক বছরের মধ্যে সুন্দরবনকে আলাদা জেলা করা হবে।’ এখানেই না থেমে তাঁর আরও সংযোজন ‘বাংলায় বিজেপি সরকার এলে সুন্দরবনে এইমস তৈরি করব। যাতে আপনাদের ওই অত দূর কলকাতায় না চিকিত্সা করাতে যেতে হয়। এখানেই আপনারা উন্নত মানের চিকিত্সা পাবেন।’
সুন্দরবনকে আন্তর্জাতিক টুরিস্ট সার্কিট করে গড়ে তোলা হবে বলেও এদিন বলেন শাহ। এই অঞ্চলের সিংহভাগ মানুষই পেশায় মত্স্যজীবী। বিজেপি ইস্তেহারে যে কথা ঘোষণা করেছে সে কথা এদিনও উল্লেখ করেন অমিত শাহ। তাঁর কথায়, ‘যে ভাবে কিষান সম্মাননিধির মাধ্যমে কৃষকরা বছরে ছ’হাজার করে টাকা পান। সেভাবেই মত্স্যজীবীরাও বছরে ছ’হাজার করে টাকা পাবেন। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছে যাবে।’ তা ছাড়া মত্স্যজীবীদের পরিকাঠামো উন্নয়নে পৃথক ১৫০০ কোটি টাকার প্রকল্প নেওয়া হবে বলেও জানান তিনি। তবে বিজেপির ইস্তাহার নিয়ে আগেই কটাক্ষ ছুড়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
নতুন জেলা থেকে এইমস তৈরি, একগুচ্ছ প্রতিশ্রুতি নিয়ে গোসাবায় প্রচারে অমিত শাহ। বিজেপির ইস্তেহার প্রকাশের পর থেকেই দিদি বলতে শুরু করেছেন, ওরা মুখে বড় বড় কথা বলে আর ভোটের পর পালিয়ে যায়। জনতার উদ্দেশে প্রতিটিন সভায় দিদি প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, কি আপনারা ১৫ লক্ষ টাকা পেয়েছেন? অন্যদিকে প্রার্থী নিয়ে বিক্ষোভে কিছুটা ব্যাকফুটে বিজেপি। তাই ড্যামেজ কন্ট্রোলে এখন মোদী-শাহ ম্যাজিকের উপরই ভরসা করছে রাজ্য বিজেপি নেতৃত্ব। রাজ্যে শেষ হাসি কে হাসবে তা জানা যাবে ২রা মে ভোটের ফলাফলে।










