শুরু হল অমরনাথ যাত্রা। যথোচিত ধর্মীয় মর্যাদায় জম্মু–কাশ্মীরে এ বছরের বার্ষিক অমরনাথ যাত্রা শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হল। কঠোর নিরাপত্তায় পূণ্যার্থীদের প্রথম দলটি পহেলগাঁও ও বালতাল–দুটি রুটেই পবিত্র গুহার উদ্দেশে যাত্রা শুরু করেছে।
আরও পড়ুনঃ হকার উচ্ছেদ আমার লক্ষ্য নয়, নেতা-পুলিশদের লোভ সংবরন করতে বললেন মুখ্যমন্ত্রী

প্রতিবারের মতোই প্রতিকূল মরশুম এবং জঙ্গি হানার আশঙ্কার মতো কঠিন দুই চ্যালেঞ্জ সামলে নির্বিঘ্নে যাত্রা সম্পূর্ণ করাই প্রশাসনের উদ্দেশ্য। এবারের ৫২ দিন ধরে অমরনাথ দর্শন পর্ব চলবে দু’টি যাত্রাপথে। নিরাপত্তার ব্যবস্থা করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ, আধাসেনা এবং সেনা। কাজে লাগানো হচ্ছে আধুনিক প্রযুক্তিকেও।

গোটা যাত্রাপথে নজর রাখবে ড্রোন। এছাড়াও বিশেষ ভাবে প্রশিক্ষিত সারমেয় বাহিনীকে কাজে লাগানো হচ্ছে। এ ছাড়া, পুণ্যার্থীদের যাত্রাপথের প্রতিটি ক্যাম্পে এ বারই প্রথম বসানো হয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন সিসি ক্যামেরা।
শুরু হল অমরনাথ যাত্রা, নিরাপত্তায় কাজে লাগানো হচ্ছে আধুনিক প্রযুক্তিকে

এর পাশাপাশি, প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ২০২২ সালে অমরনাথ গুহার পার্শ্ববর্তী এলাকায় প্রবল বৃষ্টির পরে নিকটবর্তী শিবির ভাসিয়ে হড়পা বান আছড়ে পড়েছিল বালতালের বেস ক্যাম্পে। মেঘভাঙা বৃষ্টির ফলে এই দুর্ঘটনায় বেশ কয়েক জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছিল।



