কলকাতা: সপ্তাহের মাঝামাঝি এসে ফের ভিজতে চলেছে দক্ষিণবঙ্গ। বুধবার কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর (IMD Kolkata)। একইসঙ্গে বইবে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় (North & South 24 Parganas) জারি করা হয়েছে ভারী বর্ষণের হলুদ সতর্কতা (Yellow Alert)। তবে উত্তরবঙ্গের দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে আপাতত স্বস্তি মিলবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।
এক নজরে আজকের আবহাওয়া:
-
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি
-
বইবে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া
-
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা
-
উত্তরবঙ্গে আপাতত বড় দুর্যোগের সম্ভাবনা নেই
-
শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমতে পারে
দক্ষিণবঙ্গের আবহাওয়া:
আবহাওয়ার খবর বলছে, আজ কলকাতার আকাশ থাকবে মূলত মেঘলা। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। গতকাল মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি সেলসিয়াস কম। তবে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল— মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে আবহাওয়ার খুব একটা উন্নতি হবে না। শনিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টির পরিমাণ কমতে পারে। তবে আপাতত দক্ষিণবঙ্গের সব জেলাতেই জারি রয়েছে হলুদ সতর্কতা।
উত্তরবঙ্গে স্বস্তি:
অন্যদিকে, বিগত কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গে অবশেষে স্বস্তির খবর দিল আবহাওয়া দপ্তর। বুধবার দার্জিলিং (Darjeeling), জলপাইগুড়ি (Jalpaiguri), আলিপুরদুয়ার (Alipurduar), কালিম্পং (Kalimpong) ও কোচবিহারে (Cooch Behar) ঝড়বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে দুই দিনাজপুর এবং মালদহে (Malda) বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবারও একই আবহাওয়া বজায় থাকবে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার থেকে উত্তরবঙ্গের কোনও জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই।



