Brezza Facelift: নতুন ডিজাইন-ফিচার লিক! লঞ্চের আগেই প্রকাশ্যে মারুতির নতুন SUV-র চমক

২৪ জুলাই লঞ্চের আগেই প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের ছবি ও ভিডিও! ভেন্টিলেটেড সিট ও টার্বো ইঞ্জিন আসছে। বুকিং শুরু মাত্র ১১ হাজার টাকায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নয়াদিল্লি: মারুতি সুজুকি (Maruti Suzuki) তাদের জনপ্রিয় এসইউভি ব্রেজা ফেসলিফ্ট (Brezza Facelift) নিয়ে আসছে ২৪ জুলাই। কিন্তু লঞ্চের আগেই কার্যত সব চমক ফাঁস! ইতিমধ্যেই গাড়িটি ডিলারশিপে পৌঁছে গেছে এবং ১১ হাজার টাকার টোকেন অ্যামাউন্টে বুকিংও শুরু হয়ে গেছে। অনলাইনে ভাইরাল হওয়া ভিডিও ও ছবি থেকে কার্যত নিশ্চিত হয়ে গেল, নতুন ব্রেজায় ডিজাইন থেকে ফিচার— সবেতেই রয়েছে একাধিক চমক। কী কী থাকছে? চলুন দেখে নেওয়া যাক।

ডিজাইনে কী বদল?
একবার দেখে বোঝা যাবে না যে এটা ফেসলিফ্ট, কিন্তু ভালো করে দেখলে ধরা পড়বে চমক। গাড়ির সামনের গ্রিলে সোনালি ফিনিশিং দেখা যাচ্ছে। সামনের বাম্পার জুড়ে রয়েছে চওড়া সিলভার স্কিড প্লেট। হেডল্যাম্পগুলো থাকছে স্কোয়ার শেপড প্রজেক্টরের সঙ্গে, আর ডিআরএল-এর (DRL) ডিজাইনটাও বদলেছে। সাইড প্রোফাইলে নতুন অ্যালয় হুইল দেখা যাচ্ছে, পিছনের বাম্পার ও টেললাইটেও এসেছে বদল। এক কথায়, ব্রেজা তার চেনা ছাঁচেই থেকে গিয়েও একটু বেশিই প্রিমিয়াম লাগছে।

কেবিনে আসছে রাজকীয় বদল!
এবার ভেতরের দিকে তাকালে রীতিমতো চোখ কপালে ওঠার মতো খবর। পুরনো ড্যাশবোর্ড বদলে ব্রেজায় আসছে ১০.১ ইঞ্চির বড় টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, সঙ্গে থাকছে বিল্ট-ইন অ্যাপস এবং অ্যালেক্সা ইন্টিগ্রেশন। সবচেয়ে বড় চমক, এই সেগমেন্টের গাড়িতে প্রথমবারের মতো আসছে ভেন্টিলেটেড সিট (Ventilated Seats)! শীতকাল নয়, গরমের দিনে এই ফিচারই হতে চলেছে ‘গেমচেঞ্জার’। এর বাইরে থাকছে রিডিজাইন করা সেন্টার কনসোল, অ্যাডজাস্টেবল স্টিয়ারিং হুইল, অটো পিউরিফায়ার, অ্যানালগ-ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, অটো-ডিমিং আইআরভিএম এবং ৩৬০-ডিগ্রি ক্যামেরা। নিরাপত্তা ও আরামের খাতিরে ফ্রন্ট পার্কিং সেন্সর আর ওয়্যারলেস চার্জিং প্যাডও থাকছে।

ইঞ্জিন ও গিয়ারবক্স
নতুন ব্রেজায় তিন ধরনের ইঞ্জিন অপশনের গুঞ্জন রয়েছে। নির্ভরযোগ্য ১.৫-লিটারের ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিনটা থাকছেই, যা দেবে ১০৩ এইচপি শক্তি। সঙ্গে আসতে পারে ফ্রঙ্কসের সেই চর্চিত ১.০-লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন, যা ১১০ এইচপি শক্তি আর জোরদার টর্ক দেবে। গিয়ারবক্স হিসেবে থাকছে ৬-স্পিড ম্যানুয়াল ও টর্ক কনভার্টার অটোমেটিক। আর CNG প্রেমীদের জন্য সুখবর— সিলিন্ডার থাকবে আন্ডারবডিতে, ফলে বুট স্পেস ফাঁকা থাকবে। তবে CNG ভ্যারিয়েন্টে শুধু ম্যানুয়াল গিয়ারবক্সই মিলবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন