এক মহিলা সাংবাদিকের শ্লীলতাহানির অভিযোগে আলোড়ন সৃষ্টি হয়েছে বাংলার রাজনৈতিক মহলে। অভিযোগের তীর সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের দিকে। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, এই ঘটনা কোনভাবেই ছোট করে দেখা হবে না। অভিযোগের ভিত্তিতে তন্ময়কে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেলিম। এই ঘটনায় উষ্মা প্রকাশ করেছেন বাম নেতা সুজন চক্রবর্তীও।
তিনি বলেন, “এটি অত্যন্ত নিন্দনীয় ঘটনা, এবং দলের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।” ঘটনার কয়েকঘণ্টার মধ্যেই সিপিএম তন্ময় ভট্টাচার্যকে দল থেকে সাসপেন্ড করে। মহম্মদ সেলিম জানান, দলের ইন্টারন্যাল কমপ্লেন কমিটি তদন্তের পর যা সুপারিশ করবে, সেই মতো ব্যবস্থা নেওয়া হবে। এই সবের মধ্যেই এদিন ওই মহিলা সাংবাদিককে ইন্টারভিউ দেওয়ার সময় কী হয়েছিল, তা নিয়েও মুখ খুললেন এই বাম নেতা।
আর দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ঠিক কী বলেছেন এই বাম নেতা? দলের এই সিদ্ধান্তে ক্ষুণ্ণ তন্ময় ভট্টাচার্য। তিনি বলেন, “একটি মেয়ে অভিযোগ করা মানেই যে সাসপেন্ড করতে হবে, দল যদি এটা মনে করে, তাহলে ঠিক কাজ করেছে। কাল অন্য কারও বিরুদ্ধে যদি কোনও মেয়ে অভিযোগ করে, তাঁকেও সাসপেন্ড করবে। এই রুটিনে যদি দল চলে যায়, তাহলে আমার কিছু বলার নেই। আমি আশা করেছিলাম, দল আমার কথা শুনবে”।
তিনি আরও বলেন,”রাজ্য সম্পাদক হোয়াটসঅ্যাপে কিছু জানতে চেয়েছিলেন। আমি জানিয়েছিলাম। তারপরও এই সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক। আমাদের পরিবার বামপন্থী হিসেবেই পরিচিত। আমি মাথা উঁচু করে বামপন্থার সঙ্গে ছিলাম। মাথা উঁচু করেই থাকব। যদি কেউ মনে করেন, আমাকে হেনস্থা করে আমার রাজনৈতিক আদর্শ থেকে বিদ্যুত করতে পারবেন, তাহলে তিনি মূর্খের স্বর্গে বাস করছেন।”



